মাদারীপুরে প্রথমার ছয় দিনব্যাপী বইমেলা শুরু
নতুন প্রজন্মকে জ্ঞানের জগতে প্রবেশ করানোর জন্য বই পড়ার বিকল্প নেই। বইমেলায় এসে বই সংগ্রহের পাশাপাশি সবাইকে বই পড়ার বার্তাটা দিতে হবে। কারণ, বই পড়া ভালো কাজ। এ কাজের মাধ্যমে পাঠকের মেলবন্ধন সম্ভব। কাজটা সুন্দরভাবে করতে পারলেই মানুষের চিন্তাধারার পরিবর্তন হবে। সব সময় মনে রাখতে হবে, মানসিক বিকাশে বই পড়ার বিকল্প কিছুই নেই।
মাদারীপুরে প্রথমা প্রকাশনের ছয় দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা এসব কথা বলেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় মাদারীপুর পৌরসভার নিচতলার সভাকক্ষে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মো. নজরুল ইসলাম।
মাদারীপুর বন্ধুসভার সহযোগিতায় আয়োজিত এ মেলা ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রথমা প্রকাশনের বই ৩০ থেকে ৬০ শতাংশ মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। এ ছাড়া দেশি-বিদেশি বিভিন্ন লেখকের বইয়ে দেওয়া হচ্ছে ২৫ শতাংশ ছাড়। দ্বিতীয়বারের মতো মাদারীপুরে মেলার আয়োজন করায় প্রথমা প্রকাশনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উদ্বোধনী অনুষ্ঠানে আগত অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানের অতিথি মাদারীপুরের সাহিত্যিক ও লেখক মাসুদ সুমন বলেন, ‘বইমেলা মানেই আনন্দ। তবে আমরা বইবিমুখ হয়ে যাচ্ছি। এ কারণে দেশে অপ্রীতিকর ঘটনা ঘটেই চলেছে। বর্তমান প্রজন্মের মধ্যে বই পড়ার আগ্রহ নেই। এ সমস্যা দূর করে আমাদের সবাইকে ভালো লেখকদের বই বেশি বেশি পড়তে হবে। বই পড়ার কাজটা বইমেলা থেকে শুরু হয়। তাই যাঁরা মেলার আয়োজন করেছেন, তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। এর ফলে নতুন পাঠক সৃষ্টি হবে।’
সচেতন নাগরিক কমিটির সদস্য খান মোহাম্মদ শহীদ বলেন, ‘মাদারীপুরে বইমেলা হওয়ায় আমরা অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত। বইমেলা হলে নতুন বইয়ের সঙ্গে অনেক নতুন মুখের আনাগোনা দেখা যায়। এই নতুন মুখগুলোই নতুন পাঠক। আমরা তাদের ধরে রাখতে চাই।’
বই জ্ঞানার্জনের অন্যতম পথ উল্লেখ করে মাদারীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ হিতেন চন্দ্র মণ্ডল বলেন, আগামী প্রজন্মকে বইমুখী করতে বইয়ের মূল্য আরও কমাতে হবে। এ জন্য সরকার, প্রকাশনীসহ সবাইকে এগিয়ে আসতে হবে।
উপসচিব মো. নজরুল ইসলাম বলেন, মানসিক বিকাশ ঘটে জ্ঞানের মাধ্যমে। জ্ঞানচর্চার জন্য ভালো ভালো লেখকের বই পড়তে হবে। অজ্ঞানকে প্রতিরোধ ও প্রতিকার করার একমাত্র হাতিয়ার বই। তাই বইমেলার আয়োজন করায় প্রথমা প্রকাশনকে ধন্যবাদ।
প্রথম আলো বন্ধুসভা মাদারীপুরের সভাপতি অখিল সরকারের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য ইমরান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর মাদারীপুরের প্রতিনিধি অজয় কুন্ডু। বিশেষ অতিথির বক্তব্য দেন মাদারীপুরের সিভিল সার্জন মো. মুনীর আহমদ খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আলাউল হাসান, মাদারীপুর পৌরসভার কাউন্সিলর সাইদুর বাশার, কাওসার আহমেদ, সৈয়েদা সালমা, পৌর নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস, গ্রিন লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক ইব্রাহীম মিয়া, বাংলাদেশ বেতারের জ্যেষ্ঠ সাংবাদিক মাহাবুবুর রহমান প্রমুখ।
বইমেলা সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন প্রথমা প্রকাশনের ব্যবস্থাপক মো. জাকির হোসেন। তিনি বলেন, প্রথমা দেশব্যাপী বইমেলার আয়োজন করে। তাঁদের মেলার একটাই উদ্দেশ্য, নতুন পাঠক তৈরি করা। তাঁরা মেলায় সর্বোচ্চ ৬০ শতাংশ পরিমাণ ছাড় দেন, যা মেলার অন্যতম আকর্ষণ।