ঠাকুরগাঁও সদর
শ্রেণিকক্ষ ঠিকাদারের দখলে, ক্লাস বারান্দায়
বিদ্যালয়ে মোট চারটি শ্রেণিকক্ষ ছিল। এর মধ্যে দুটি কক্ষ ঠিকাদারেরা দখল করে রেখেছেন।
বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের কাজ চলছে। পাশে চলছে ওয়াশ ব্লক নির্মাণের আয়োজন। দুই ঠিকাদার বিদ্যালয়ের দুটি শ্রেণিকক্ষে মজুত রেখেছেন নির্মাণসামগ্রী। এ অবস্থায় বিদ্যালয়ে সৃষ্টি হয়েছে শ্রেণিকক্ষের সংকট। তাই শিশুশ্রেণির শিক্ষার্থীদের বারান্দার মেঝেতে বসে পড়তে হচ্ছে। এ চিত্র ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
অথচ নিয়ম অনুযায়ী, ঠিকাদারের নিজ উদ্যোগে ছাউনি নির্মাণ করে মালামাল রাখার কথা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. রাজিবুল হাসান বলেন, ঠিকাদারি কাজ করতে গিয়ে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ব্যবহারে এলজিইডি প্রধান কার্যালয় থেকে নিষেধ করা হয়েছে। সুবিধামতো জায়গায় ঘর তৈরি করে মালামাল রাখতে ঠিকাদারদের নির্দেশনা দেওয়া আছে।
প্রধান শিক্ষক রবিউল আলম বলেন, তাঁদের বিদ্যালয়ে মোট ১৩৭ জন শিক্ষার্থী। বিদ্যালয়ে মোট পাঁচটি কক্ষ রয়েছে। এর মধ্যে চারটি শ্রেণিকক্ষ হিসেবে ব্যবহৃত হতো আর একটিতে শিক্ষকেরা বসতেন। প্রায় দেড় বছর ধরে মূল ভবনের একটি শ্রেণিকক্ষে ভবনের ঠিকাদার মালামাল মজুত রেখেছেন। পরে ওয়াশ ব্লকের কাজ শুরু হলে ওই ঠিকাদারও আরেকটি শ্রেণিকক্ষ ব্যবহার করতে শুরু করেন। তিনি এক মাস ধরে আধা পাকা ভবনের একটি কক্ষ দখল করে রেখেছেন। দুই ঠিকাদার দুটি কক্ষ দখলে রাখায় সমস্যা হয়ে গেছে। এলজিইডি স্কুলভবন সম্প্রসারণের কাজ করছে আর ওয়াশ ব্লক নির্মাণ করছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের সম্প্রসারণের কাজ প্রায় শেষ। রঙের কাজ ও কক্ষে বৈদ্যুতিকসামগ্রী লাগানো বাকি। ওই ভবনের নিচতলায় তিনটি কক্ষ। একটি কক্ষে প্রথম ও অন্যটিতে দ্বিতীয় শ্রেণির পাঠদান চলছে। আর একটি কক্ষ তালাবদ্ধ। ওই কক্ষের বারান্দায় পলিথিন বিছিয়ে শিশুশ্রেণির ১৫ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। পাকা ভবনের সামনে একটি আধপাকা (টিনশেডের) ভবন। সেখানে দুটি কক্ষ। একটিতে চলছে পঞ্চম শ্রেণির পাঠ, অন্যটি তালাবদ্ধ। তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস দ্বিতীয় পালায় হয়।
শিশুশ্রেণির শিক্ষক ইসমত জেরিন বলেন, বিদ্যালয়ের মূল ভবনে দুটি শ্রেণিকক্ষ ও একটি অফিস। আর আধপাকা ভবনে দুটি শ্রেণিকক্ষ রয়েছে। কিন্তু ভবন ও ওয়াশ ব্লকের ঠিকাদারেরা মূল ভবনের একটি ও আধপাকা ভবনের একটি কক্ষে নির্মাণসামগ্রী রেখেছেন। এতে শ্রেণিকক্ষের সংকট দেখা দিয়েছে। পাঠদান চালিয়ে নিতে অফিস কক্ষে বেঞ্চ পেতে ক্লাস করানো হচ্ছে। আর শিশুশ্রেণির ক্লাস চলছে বারান্দার মেঝেতে। শিশুশ্রেণিতে রয়েছে ৩৩ শিক্ষার্থী। তাদের মধ্যে ২০ জন নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত হয়।
ইসমত জেরিন আরও বলেন, বারান্দার মেঝেতে বসে পড়াশোনা হয় না। সূর্যের আলো বারান্দায় সরাসরি পড়ে বলে গরমে শিশুরা ঘেমে একাকার হয়ে যায়। আবার বৃষ্টি হলে বৃষ্টির পানিও বারান্দায় এসে পড়ে, তখন পড়া বন্ধ করে উঠে যেতে হয়। এ কারণে শিক্ষার্থীরা পাঠে মন দিতে পারে না।
শিশুশ্রেণির শিক্ষার্থী হ্যাপি রানী বলে, এখানে বসলে পা ব্যথা হয়ে যায়। আর রোদে এখানে বসে থাকা যায় না। শরীর থেকে শুধু ঘাম বের হয়।
এলজিইডি ঠাকুরগাঁও সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের কাজটি পান জেলা শহরের ঠিকাদার রজব আলী। ২০২০ সালের ডিসেম্বরে তাঁকে কার্যাদেশ দেওয়া হয়। আর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্র জানায়, ওয়াশ ব্লক নির্মাণের জন্য ২০২১ সালের জুন মাসে দরপত্র আহ্বান করা হয়। কাজটি পায় শহরের ঠিকাদার হরিরাম। তিনি গত জুলাই মাসে নির্মাণকাজ শুরু করেন।
ঠিকাদার রজব আলী বলেন, ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে। নিরাপত্তার কথা ভেবে বিদ্যালয়ের একটি কক্ষে মালামাল রেখেছিলেন। আধপাকা ঘরের দুটি কক্ষে ক্লাস চলার কারণে শিক্ষার্থীদের কোনো সমস্যা হচ্ছিল না। এখন সমস্যা হলে দ্রুত মালামাল সরিয়ে নেওয়া হবে। ওয়াশ ব্লকের ঠিকাদারের প্রতিনিধি শফিউল ইসলামও বমালামাল সরিয়ে নেওয়ার কথা বলেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুনর রশিদ জানান, বারান্দায় পাঠদানের বিষয়টি তাঁর জানা নেই। তিনি শিগগিরই বিদ্যালয়টি পরিদর্শনে যাবেন।