কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নিখোঁজ হন তরুণ, তিন দিন পর লাশ উদ্ধার
রাঙামাটির বরকল উপজেলায় কাপ্তাই হ্রদে নৌকা ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের লাশ তিন দিন পর উদ্ধার হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকায় হ্রদে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার হয়।
নিহত তরুণের নাম মো. ওবায়দুল্লাহ (১৮)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কালিসীমা এলাকার মো. মোবারক হোসেনের ছেলে। স্বজনেরা জানান, চট্টগ্রামের একটি কারখানায় চাকরি করতেন ওবায়দুল্লাহ। ঈদের ছুটিতে বরকলের বাঙালটিলা এলাকায় বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি।
স্থানীয় বাসিন্দা মো. নজরুল ইসলাম জানান, গত রোববার বিকেল পাঁচটার দিকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে আমবাগান থেকে বাঙালটিলা এলাকায় যাচ্ছিলেন ওবায়দুল্লাহ। নৌকাটিতে ৪ জন পুরুষ, ৩ জন নারী, ২ শিশুসহ মোট ৯ জন যাত্রী ছিলেন। মাঝপথে ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে গেলে এলাকার বাসিন্দারা নৌকার আট যাত্রীকে উদ্ধার করেন। তবে অনেক খোঁজাখুঁজি করেও ওবায়দুল্লাহকে পাওয়া যায়নি। ওই দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসেও তল্লাশি কার্যক্রম চালায়। নৌকাডুবির তিন দিন পর আজ সকালে কাপ্তাই হ্রদে ওবায়দুল্লাহর লাশ ভেসে ওঠে।
লাশ উদ্ধারের বিষয়টি বরকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হবে। আইনি প্রক্রিয়া শেষে লাশটি স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।