দুর্নীতির অভিযোগে যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
৪৭ লাখ ২২ হাজার ৩২৩ টাকার সম্পদ গোপন করার অভিযোগে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রকৌশলী শফিউল আলমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের সহকারী পরিচালক মোশাররফ হোসেন মামলাটি করেন। অভিযুক্ত শফিউল আলম যশোরের অভয়নগরের চলিশিয়া গ্রামের গোলাম সরদারের ছেলে।
মামলায় উল্লেখ করা হয়েছে, শফিউল আলমের নামে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠলে দুদক থেকে ২০২০ সালের ১৫ মার্চ সম্পদ বিবরণী চেয়ে তাঁকে নোটিশ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে একই বছরের ১০ জুন দুদকের যশোর কার্যালয়ে নোটিশের জবাব দেন তিনি। সেখানে তাঁর পৈতৃক সূত্রে পাওয়া ৭ দশমিক ২ শতক জমি রয়েছে বলে উল্লেখ করেন।
এ ছাড়া ২০১১ সালে বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর তাঁর ও স্ত্রীর নামে ৩৬ লাখ ৮৯ হাজার টাকার জমি ক্রয়, ২৪ লাখ টাকার বাড়ি নির্মাণ, ৬ লাখ ৯০ হাজার টাকার অস্থাবর সম্পদসহ মোট ৬৭ লাখ ৭৯ হাজার টাকার সম্পদ থাকার হিসাব দেন।
হিসাব যাচাইয়ের সময় দুদক জানতে পারে, তাঁদের নামে স্থাবর ৭৬ লাখ ২১ হাজার ৬৭০ টাকা ও অস্থাবর ৩৮ লাখ ৭৯ হাজার ৬৫৩ টাকার (মোট ১ কোটি ১৫ লাখ ১ হাজার ৩২৩ টাকা) সম্পদ রয়েছে। এ হিসাবে তিনি ৪৭ লাখ ২২ হাজার ৩২৩ টাকার সম্পদ গোপন করেছেন।
দুদকের সমন্বিত যশোর কার্যালয়ের উপপরিচালক আল আমিন প্রথম আলোকে বলেন, ২ মে দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে খুলনা অফিসের এক স্মারকে মামলা করার অনুমোদন দেওয়া হয়। এরপর আজ শফিউল আলমের বিরুদ্ধে মামলা করা হয়।