‘বাড়িঘরে আইসা হামলা রাজনীতি না, অন্যায়’
রাত থেকে ভাঙা আসবাব ও কাচের টুকরা পরিষ্কার করে রিয়া আক্তার ক্লান্ত। বাড়ির নিচতলায় ভাড়াটিয়া আর প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে বলতে কিছুটা জিরিয়ে নিচ্ছিলেন। প্রধান ফটক পেরিয়ে তাঁর বাড়িতে ঢুকলে অপরিচিত লোক দেখে একটু আতঙ্কিত হন রিয়া। পরে সংবাদকর্মী পরিচয় পেয়ে তিনি আশ্বস্ত হন।
রিয়া আক্তার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা যুবদলের সভাপতি মফিকুল ইসলামের স্ত্রী। একই সঙ্গে মফিকুল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। গতকাল সোমবার দুপুরে কাঞ্চন পৌরসভা বিএনপির বিক্ষোভ কর্মসূচি নিয়ে তাঁদের বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে রিয়া আক্তার বলেন, গতকাল দুপুরে যখন তাঁদের বাড়িঘরে হামলা ও লুটপাট হয়, ৯ মাসের ছেলে সুফিয়ানকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান রিয়া। বাড়ির নিচে থাকা ভাড়াটিয়াদের সহায়তায় পাশের বাড়িতে লুকিয়ে ছিল তাঁদের ১২ বছরের মেয়ে মাহি আক্তার।
রিয়ার ভাষায়, ‘তখন দুপুর ১২টা। আমি আমার ৯ মাসের ছেলেটারে নিয়া বাড়ির নিচে বসে আছি। কাউন্সিলর সাব (মফিকুল) বাসায় নাই। হঠাৎ করেই ১০–১২ জন লোক হাতে রামদা, চায়নিজ কুড়াল ও রড নিয়া মেইন গেটে আইসা নাম ধরে গালিগালাজ শুরু করে। গেটে আঘাত করে। ঘটনা বুঝে ওঠার আগেই ওরা বাড়ির পেছনের গেট দিয়া বাড়ির ভেতরে আসে। আমি তখন আমার কোলের সন্তানরে নিয়া বাড়ি ছেড়ে পালাই। নিচে চিৎকার–চেঁচামেচির শব্দ শুনে মেয়েটাও দোতলা থেইকা নিচে নাইমা আসে। ভাড়াটিয়ারা ওরে নিয়া পাশের বাড়িতে লুকাইয়া রাখে। ওরা সবাই তখন জয় বাংলা স্লোগান দিতে দিতে দোতলায় আমাদের বাসায় যায়।’ এরপর দরজা খুলে হামলার চিহ্ন দেখান।
রিয়ার দাবি, গতকালের তাণ্ডবে তছনছ হয়ে গেছে তাঁর ১২ বছরের সাজানো সংসারের জিনিসপত্র। বাড়ির সিন্দুক ভেঙে লুট করে নিয়ে গেছে তাঁর বিয়ের গয়নাসহ ১৪ ভরি সোনা ও নগদ সোয়া লাখ টাকা।
দ্বিতীয় তলার চারটি কক্ষ ঘুরে দুটি শোকেস, একটি আলমারি, একটি ড্রেসিং টেবিল, একটি ডাইনিং টেবিল, বেসিন ও জানালার কাচ ভাঙা দেখা গেছে। রিয়া আক্তার বলেন, বিয়ের পর থেকেই স্বামীকে পুলিশের ভয়ে পালাতে দেখেছেন, নানা ধরনের রাজনৈতিক সমস্যায় পড়তে দেখেছেন; কিন্তু কখনোই বাড়িঘরে হামলার ঘটনা ঘটেনি।
ক্ষুব্ধ হয়ে রিয়া আক্তার বলেন, ‘ঘর মানে তো শান্তি, ঘর মানে তো নিরাপত্তা। তাইলে বাড়িঘরে হামলা কেন? আমি, আমার ছোট সন্তানেরা তো রাজনীতি করি না। আমাদের দোষটা কই? সারা দেশেই দেখি এহন বাড়িঘরে হামলা হইতাছে। এটা কেমন রাজনীতি? রাজনীতি হইব মাঠে, ময়দানে, রাজপথে। তারা রাস্তায় মারছে। পুলিশ ধইরা নিয়া থানায় মারছে, মাইনা নিছি। এখন বাড়িঘরে আইসা হামলা করে। এটা রাজনীতি না, এটা অন্যায়।’
বাড়ি ছাড়ার আগে রিয়াকে প্রশ্ন করি, হামলায় জড়িত ব্যক্তিদের চেনেন? রিয়ার দাবি, হামলাকারী সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তাঁরা সবাই তাঁদের প্রতিবেশী। নাম–পরিচয় জানলেও বিপদের শঙ্কায় বলতে রাজি হননি তিনি।