গাজীপুরে সাবেক ছাত্রদল নেতার ওপর বিএনপি নেতার হামলার প্রতিবাদে বিক্ষোভ
গাজীপুরে সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেছেন। আজ শনিবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ওই কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকে।
আন্দোলনকারীদের অভিযোগ, ২১ এপ্রিল একটি পোশাক তৈরি কারখানার ঝুট ব্যবসা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সেই সময় মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে ফরহাদ হোসেন ও তাঁর সমর্থকদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেনসহ অন্তত পাঁচজন আহত হন। আহত ব্যক্তিদের মধ্য ফরহাদের অবস্থা গুরুতর।
ওই ঘটনার প্রতিবাদে এবং মৌচাক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদের বিচারের দাবিতে শনিবার সকালে উপজেলার মৌচাক এলাকায় বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে এলাকার শিক্ষার্থী, আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দারা যোগ দেন। তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করেন। পরে পুলিশের আশ্বাসে তাঁরা মহাসড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ওমর ফারুক বলেন, ঝুট ব্যবসা নিয়ে হামলার ঘটনার প্রতিবাদে একটি পক্ষের লোকজন বিক্ষোভ ও সড়কে অবস্থান নিয়েছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বিচারের আশ্বাস দিলে অবরোধকারীরা কর্মসূচি প্রত্যাহার করেন। হামলা সংঘর্ষের ঘটনায় দুই পক্ষই মামলা করেছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।