টঙ্গীতে ক্যাপ তৈরির কারখানায় আগুন
গাজীপুরের টঙ্গীর সাতাইশ এলাকায় জিজে ক্যাপস অ্যান্ড হেডওয়্যার লিমিটেড নামের একটি কারখানায় আজ রোববার রাত সাড়ে আটটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
কারখানা কর্তৃপক্ষের দাবি, শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে আগুন দিয়েছেন।
কারখানাটির মানবসম্পদ ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান প্রথম আলোকে জানান, কারখানার ভবনটি সাততলা। কারখানাটিতে শ্রমিক প্রায় দুই হাজার। এর মধ্যে রাত সাড়ে আটটার দিকে কারখানার পাঁচতলায় আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে কারখানার ছয়, সাত ও চারতলায়। রাত ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভবনটির তিনতলায় আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে টঙ্গী ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট।
মনিরুজ্জামানের দাবি, কারখানার শ্রমিকেরা কারখানাটিতে আগুন দিয়েছেন। তিনি বলেন, সম্প্রতি কারখানার প্রোডাকশন রেট (কাজের পরিমাণ) বাড়িয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ নিয়ে কদিন ধরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের বিরোধ চলছিল। এর মধ্যে আজ দুপুর থেকে শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার ভেতর বিক্ষোভ করতে থাকেন। এর একপর্যায়ে রাত ৮টা ১০ মিনিটের দিকে শ্রমিকদের নিয়ে আলোচনায় বসে কর্তৃপক্ষ। কিন্তু রাত সাড়ে আটটার দিকে শ্রমিকেরা বৈঠক শেষ না করে উঠে যান। এর একপর্যায়ে তাঁরা কারখানার পাঁচতলায় আগুন ধরিয়ে দেন। এরপর সে আগুন ছড়িয়ে পড়ে অন্যান্য তলায়।
জানতে চাইলে টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘ছোটখাটো বিষয় নিয়ে শ্রমিকেরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে দর–কষাকষি করছিলেন। দুপুর থেকে কাজ বন্ধ করে দেন। আমরা এসে তাঁদের বুঝাই কাজ করার জন্য। কিন্তু তাঁরা সেটি না করে সন্ধ্যার দিকে কারখানায় আগুন দিয়ে চলে যান। আগুন ক্রমেই বড় হচ্ছে। কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।’