রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমল ৩ ডিগ্রি সেলসিয়াস, বইছে মৃদু তাপপ্রবাহ

মৃদু তাপপ্রবাহ থেকে বাঁচতে মাথায় হাত দিয়ে হাঁটছিলেন এক পথচারী। আজ দুপুরে রাজশাহী নগরের ঢাকা বাস টার্মিনাল এলাকায়ছবি: প্রথম আলো

রাজশাহীতে এক দিনের ব্যবধানে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন বুধবার ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এটি ছিল চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড।

রাজশাহীতে তাপমাত্রা গত কয়েক দিন ধরেই বাড়ছিল। সবশেষ তিন দিন ধরে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতেই রেকর্ড হচ্ছিল। এ তাপপ্রবাহ এবং অব্যাহত লোডশেডিংয়ে মানুষের জনজীবনে নাকাল অবস্থা। বিশেষ করে শ্রমজীবী মানুষ বেশি বিপাকে পড়েছেন।

আরও পড়ুন

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, রাজশাহীতে মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মাঝে দুই দফা কালবৈশাখীর প্রভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কমে এসেছিল। এপ্রিলে এসে তাপমাত্রা আবার বাড়তে থাকে।

এর মধ্যে গত সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পরদিন ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এই তিন দিন রাজশাহীতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তবে আজ এক দিনের ব্যবধানে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আকাশও কিছুটা মেঘাচ্ছন্ন ছিল।

আবহাওয়া অধিদপ্তরের সংজ্ঞা অনুযায়ী, সর্বোচ্চ তাপমাত্রা ৩৬-৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মৃদু তাপপ্রবাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে মাঝারি তাপপ্রবাহ, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা এর বেশি হলে একে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। সেই হিসাবে রাজশাহীতে আজ মৃদু তাপপ্রবাহ চলছে।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ রহিদুল ইসলাম বলেন, আজ ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন