১৭ বছর আগে হারানো পঞ্চগড়ের দুটি আসনই পুনরুদ্ধার করল বিএনপি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের দুটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ১৭ বছর আগে হারিয়ে ফেলা এই আসন দুটি অবশেষে পুনরুদ্ধার করেছে বিএনপি।
পঞ্চগড়–১ (সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনে এবার বিজয়ী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক সম্পাদক মুহম্মদ নওশাদ জমির। আর পঞ্চগড়–২ (বোদা ও দেবীগঞ্জ) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্যসচিব ফরহাদ হোসেন আজাদ।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পঞ্চগড়ের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান তাঁর কার্যালয়ের সম্মেলনকক্ষে নির্বাচনের বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
ফলাফলে জানা যায়, পঞ্চগড়–১ আসনে মোট সাত প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী মুহম্মদ নওশাদ জমির ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১–দলীয় নির্বাচনী ঐক্য মনোনীত প্রার্থী ও এনসিপির নেতা সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ৬৩ হাজার ৭০০। নির্বাচনে এই আসনে প্রদত্ত ভোটের হার ৭৭ দশমিক ৪১ শতাংশ।
অপর দিকে পঞ্চগড়–২ আসনে মোট আট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে বিজয়ী বিএনপির ফরহাদ হোসেন আজাদ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬৫০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৮৬২ ভোট। এই আসনে মোট ভোটার ৪ লাখ ১৭ হাজার ৫২৯। নির্বাচনে এই আসনের প্রদত্ত ভোটের হার ৭৭ দশমিক ১৯ শতাংশ।
একসময় বিএনপির ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত পঞ্চগড়ের দুটি আসন ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে দখলে নেয় আওয়ামী লীগ। কার্যক্রম নিষিদ্ধ দলটির অনুপস্থিতিতে এবার বিএনপিকে ভোটের লড়াই করতে হয়েছে জামায়াতে ইসলামী ও ১১–দলীয় নির্বাচনী ঐক্যের নবগঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে।
১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত পঞ্চগড়–১ ও ১৯৯৬ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচন থেকে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত পঞ্চগড়–২ আসন ধরে রেখেছিল বিএনপি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনই হাতছাড়া হয় বিএনপির।
নির্বাচনের ফলাফল ঘোষণার সময় বিজয়ী মুহম্মদ নওশাদ জমির ও ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন। ফলাফল ঘোষণার পর দুজনই সুষ্ঠু ভোট উপহার দেওয়ায় নির্বাচন–সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নির্বাচনে পরাজিত প্রার্থীসহ সবাইকে নিয়ে পঞ্চগড়ের উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।