‘সরকারের পতন না ঘটিয়ে এবার আর বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না’
সিলেটে বিএনপির এক প্রস্তুতি সভায় নেতারা বলেছেন, বিএনপির নেতৃত্বে সরকার পতনের এক দফা দাবিতে সিলেটবাসীও পাশে দাঁড়িয়েছে। সবাই এখন বর্তমান সরকারের পতন চায়। বিএনপিকে ছাড়া এবার আর একতরফা কোনো নির্বাচন হতে দেওয়া হবে না। সরকারের পতন না ঘটিয়ে এবার আর বিএনপির নেতা-কর্মীরা ঘরে ফিরে যাবেন না।
আজ মঙ্গলবার বিকেলে সিলেট নগরের দরগাগেট এলাকার কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের মিলনায়তনে এ সভা হয়। ১ সেপ্টেম্বর দলটির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সফল করতে সিলেট জেলা ও মহানগর বিএনপি এ যৌথ প্রস্তুতি সভা করে। এতে সভাপতির বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী। তিনি বক্তব্যে বলেন, এ দেশে গণতন্ত্র, বাক্স্বাধীনতা ও ভোটাধিকার পেতে আন্দোলন চলছে। নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে জনগণ রাজপথে আছে। বিএনপিকে ছাড়া নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর যৌথ সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিএনপি নেতা আশিক উদ্দিন, মামুনুর রশীদ ও রেজাউল হাসান কয়েস লোদী প্রমুখ।
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, দেশের সব সংকটে বিএনপির গৌরবময় ভূমিকা রয়েছে। তাই যতই টালবাহানা করা হোক না কেন, বিএনপিকে রেখে এ দেশে কোনো নির্বাচন হতে পারে না। দেশবাসী এখন সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। সরকারের পতন সুনিশ্চিত।