রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে বিএনপির নেতা–কর্মীদের হয়রানির অভিযোগ
রাজশাহী নগরে প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে বিএনপির নেতা–কর্মীদের পুলিশি হয়রানির অভিযোগ করেছেন বিএনপির নেতারা। বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজশাহী নগরের মালোপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এক সংবাদ সম্মেলনে বিএনপির নেতারা এমন অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী।
লিখিত বক্তব্যে এরশাদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ২৯ জানুয়ারি রাজশাহী আসছেন। ওই দিন তিনি রাজশাহী মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন। আমরা উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের এই জনসভাকে স্বাগত জানাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জনসভাকে কেন্দ্র করে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অত্যন্ত অন্যায় ও নির্লজ্জভাবে আমাদের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছেন এবং নেতা-কর্মীদের নামে মিথ্যা, সাজানো, প্রহসনমূলক মামলা করছেন।’
এরশাদ আলী আরও বলেন, মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান, সদস্যসচিব রফিকুল ইসলাম, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জাকির হোসেন ও সিটি কলেজ ছাত্রদলের সদস্যসচিব এমদাদুল হকসহ অন্যান্য নেতার বাড়িতে রাতের অন্ধকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রবেশ করে হয়রানি করছেন। ভবিষ্যতেও হয়তো এই ধারা অব্যাহত থাকবে। সংবাদ সম্মেলন থেকে এই ধরনের কর্মকাণ্ডের জন্য আবারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এরশাদ আলী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নেতা-কর্মীদের হয়রানি করা মানবাধিকার লঙ্ঘনের শামিল। আমরা রাজশাহী মহানগর বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নেতা-কর্মীদের হয়রানি বন্ধের জোর দাবি জানাচ্ছি।’
এ সময় রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক, রাজশাহী মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম, রাজশাহী মহানগর বিএনপির সদস্যসচিব মামুন-অর-রশিদ, রাজশাহী মহানগর তাঁতী দলের আহ্বায়ক আরিফুল শেখ বনিসহ অন্য নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।