চার বছরের ব্যবধানে একই ইউনিট দুবার উদ্বোধন 

  • ২০১৮ সালের ৮ নভেম্বর এর পরীক্ষামূলক উদ্বোধন করেন মোহাম্মদ নাসিম। 

  • একই ইউনিট চলতি ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া জেলার ম্যাপ

বগুড়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যাল কোম্পানি এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির একটি ইউনিট চার বছরের ব্যবধানে দুই দফায় উদ্বোধন করা হয়েছে। 

এর মধ্যে ২০১৮ সালের ৮ নভেম্বর এর পরীক্ষামূলক উদ্বোধন করেন প্রয়াত আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই ইউনিট ১৫ ফেব্রুয়ারি উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। 

নতুন করে উদ্বোধন করা হলেও নতুন অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হচ্ছে না। বর্তমানে শতকোটি টাকার ওষুধ উৎপাদন করছে প্রতিষ্ঠানটি।

এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড বগুড়ার ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) এবং হেড অব প্ল্যান্ট মনিরুল ইসলাম বলেন, সেফালোস্পোরিন অ্যান্টিবায়োটিক তৈরির কার্যক্রম শুরু হয় ২০০৫ সালের এপ্রিল মাসে। প্রথমে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডে অ্যান্টিবায়োটিক তৈরির নতুন ইউনিটে অবকাঠামো তৈরির ভিত্তি স্থাপন করা হয়। এরপর ২০১৮ সালের নভেম্বরে তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম নতুন ইউনিটের উদ্বোধন ঘোষণার পর পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু হয়। চলতি মাসের ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেকের দ্বিতীয় দফা উদ্বোধনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ উৎপাদনে গেল ইডিসিএলের নতুন ইউনিটটি। নতুন চালু হওয়া সেফালোস্পোরিন ইউনিটে ১২ ধরনের অ্যান্টিবায়োটিক ক্যাপসুল, ইনজেকশন, পাউডার ফর সাসপেনশন উৎপাদন শুরু হয়েছে। 

ইডিসিএলের একটি সূত্র বলছে, ২০১৮ সালের নভেম্বরে উদ্বোধনের পর থেকে অ্যান্টিবায়োটিক সেফিক্সিম ২০০, সেফিক্সিম ৪০০, সেফরাডিন ৫০০ ক্যাপসুল এবং সেফিক্সিম ৫০ মিলি, সেফিক্সিম ১০০ মিলি, সেফরাডিন ১০০ মিলি ড্রাই সিরাপ উৎপাদন শুরু হয়েছে। উদ্বোধন করা হলেও নতুন অ্যান্টিবায়োটিক উৎপাদন করা হচ্ছে না। 

চার বছরের ব্যবধানে একাধিকবার উদ্বোধনের বিষয়টি নিয়ে বিব্রত চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারাও। 

বিএমএর বগুড়া শাখার সাধারণ সম্পাদক ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ রেজাউল আলম বলেন, ‘২০১৮ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী প্রয়াত মোহাম্মদ নাসিম এসেনসিয়াল ড্রাগস লিমিটেডে নতুন অ্যান্টিবায়োটিক প্ল্যান্ট উদ্বোধন করতে এসেছিলেন। তবে এবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রীকে দিয়ে যে ইউনিট উদ্বোধন করা হয়েছে, সেটি একই ছিল কি না, তা মনে পড়ছে না।’ 

স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়ার সভাপতি সভাপতি সামির হোসেন বলেন, ‘চার বছরের ব্যবধানে একই প্ল্যান্ট সরকারের দুই মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করা নিয়ে আমরা বিব্রত।’ 

ইডিসিএল সূত্র বলছে, কোম্পানি আইনের অধীনে ১৯৮৩ সালে প্রতিষ্ঠানটির নাম বদল করে রাখা হয় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড এবং ওই বছরই প্রতিষ্ঠানটি একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে নিবন্ধিত হয়। ১৯৮৫ সালে বগুড়ায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের প্ল্যান্ট চালু হয়।