ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৪৫ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ড। আজ বেলা সাড়ে ১১টার দিকে
ছবি: প্রথম আলো

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। এই হাসপাতালে ডেঙ্গুতে এক দিনে দুজনের মৃত্যুর ঘটনা এই প্রথম। এ নিয়ে ফরিদপুরে গত ২১ জুলাই থেকে ২০ দিনে ৯ জনের মৃত্যু হলো।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, এ হাসপাতালে ডেঙ্গুতে শেষ যে দুজন মারা গেছেন, তাঁদের একজন ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কেশবনগর গ্রামের সুকুমার কীর্তনীয়া (৭৭)। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি। অপরজন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সালমা বেগম (৪২)। তিনি গৃহবধূ। তাঁরা দুজনই গত মঙ্গলবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল বুধবার তাঁদের মৃত্যু হয়। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২০ দিনে এ হাসপাতালে যে ৯ জনের মৃত্যু হয়েছে তাঁদের মধ্যে রাজবাড়ীর ৪ জন, ফরিদপুরের ৩ জন, মাগুরার ১ জন এবং মাদারীপুরের ১ জন রয়েছেন।

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২১ জুলাই প্রথম একজন মারা যান। ২০১৮ থেকে গত সাড়ে পাঁচ বছরে ফরিদপুরে ডেঙ্গুতে এটাই ছিল প্রথম কোনো মৃত্যুর ঘটনা।

এ নিয়ে ফরিদপুরে গত ২১ জুলাই থেকে ২০ দিনে ৯ জনের মৃত্যু হলো।

ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আর ১৪৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ৬৫ জন, ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৩ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন।

ফরিদপুরে গত জানুয়ারি থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছে ২ হাজার ২৮২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ফিরে গেছেন ১ হাজার ৮৯০ জন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৩৮৩ জন।

আরও পড়ুন

আক্রান্ত রোগীদের মধ্যে আজ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৯৫ জন। এ ছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩৩ জন, বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৭ জন, ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯ জন, নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন, সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জন, মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৩ জন, চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন এবং ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন চিকিৎসাধীন আছেন।

ফরিদপুরে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা। আজ বিকেল পৌনে চারটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে
ছবি: প্রথম আলো

জেলা প্রশাসনের সভা

আজ বিকেল পৌনে চারটার দিকে ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভার শুরুতে জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার বলেন, ‘পত্রিকা লিখেছে আমরা চলছি ঢিমেতালে। আমরা মোটেও ঢিমেতালে চলছি না। জেলা প্রশাসনের পক্ষে মাইকিং করা হয়েছে, পানি জমে থাকার ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত হয়েছে। আমরা বসে নেই, কাজ করে যাচ্ছি।’

প্রসঙ্গত, গতকাল বুধবার প্রথম আলো অনলাইনে ‘ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে, প্রশাসন আগাচ্ছে ঢিমেতালে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

আরও পড়ুন

সভায় উপস্থিত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. আসাদুজ্জামান বলেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে একক ওয়ার্ড খুলে সব ডেঙ্গু রোগীকে একসঙ্গে চিকিৎসাসেবা প্রদানের কোনো জায়গা নেই। এ জন্য বিভিন্ন ওয়ার্ডে রোগী রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস দাবি করেন, পৌরসভার ৪০জন কর্মী ১২টি স্প্রে ও ১৫টি ফগার মেশিন নিয়ে ওয়ার্ড ধরে ধরে কাজ করে যাচ্ছেন। এ জন্য ফরিদপুর পৌরসভার কোনো নাগরিক ডেঙ্গুতে আক্রান্ত হয়নি।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক বলেন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সর্বশক্তি নিয়োগ করা হবে। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলোও কাজ করবে। অবিলম্বে এ কাজ শুরু হবে।

আলোচনার সমাপ্তি টেনে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, ‘প্রচার ও প্রচারণা বাড়াতে হবে, বাড়ানো হবে ভ্রাম্যমাণ আদালত। জেলা ও উপজেলার ডেঙ্গু প্রতিরোধ কমিটিকে পুনরায় সক্রিয় করা হবে। ঝুঁকিপূর্ণ জায়গায় ব্লিচিং পাউডারের পরিবর্তে কেরোসিন ঢালা হবে। ঢাকাগামী চলাচলকারী গাড়িগুলিতে স্প্রে করা হবে।’

আরও পড়ুন