বিএলআরআইয়ে আগুনে পুড়ল গবেষণার ৩৬৯টি মুরগির বাচ্চা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি টিনের শেডে লাগা আগুনে পুড়ে যায় গবেষণার জন্য রাখা ৩৬৯টি মুরগির বাচ্চা। আজ সকালে সাভারে
ছবি: প্রথম আলো

ঢাকার সাভারের বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (বিএলআরআই) একটি টিনশেডে আগুন লেগে গবেষণার জন্য রাখা ৩৬৯টি মুরগির বাচ্চা পুড়ে গেছে। আজ রোববার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, আজ সকালে ‘কমন’ দেশীয় মুরগির বাচ্চা রাখা টিনের শেডে কাজ শেষ করে দুই কর্মচারী অপর একটি শেডে কাজ করতে যান। এ সময় তাঁরা কমন দেশীয় মুরগির বাচ্চা রাখার শেডে আগুন দেখতে পান। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান তাঁরা।

পোলট্রি উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান শাকিলা ফারুক প্রথম আলোকে বলেন, কমন দেশীয় মুরগির ওজন ও ডিম বৃদ্ধির জন্য মুরগির বয়সের বিভিন্ন পর্যায়ে কী পরিমাণ প্রোটিন, এনার্জি অর্থাৎ পুষ্টি লাগবে, সেগুলো নিয়ে গবেষণার জন্য বাচ্চাগুলো শেডে রাখা হয়েছিল। শেডের ভেতর তুষ ও কাগজ দিয়ে মুরগির বাচ্চার জন্য বেড তৈরি করায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

শাকিলা ফারুক বলেন, ‘ঘটনার পরপরই বিদুৎ অফিস ও আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশনের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে তদন্ত করেন। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ জানতে এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে।’