সরাইলে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে সমাবেশের একপর্যায়ে বিএনপির স্থানীয় নেতারা দলটিতে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। গতকাল বিকেলে সূর্যকান্দী লস্করবাড়ি মোড়েছবি: প্রথম আলো

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি ও ইউপি সদস্য অরবিন্দ দত্তসহ অর্ধশতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল সোমবার বিকেলে সূর্যকান্দী লস্করবাড়ি মোড়ে আয়োজিত এক সমাবেশে তাঁরা বিএনপিতে যোগদান করেন।

অরবিন্দ দত্ত কালীকচ্ছ ইউপির ৮ নম্বর ওয়ার্ডের টানা দুইবারের সদস্য। নতুন যোগদানকারীদের মধ্যে আরও আছেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পরিমল দেবনাথ এবং সাবেক সভাপতি কাছু মিয়া।  

গতকালের সমাবেশে জেলা বিএনপির সহসভাপতি আনিছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর, কালীকচ্ছ ইউনিয়ন বিএনপির নেতা মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

সমাবেশের একপর্যায়ে জেলা ও উপজেলা বিএনপির নেতারা দলটিতে নতুন যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে বরণ করে নেন।

বিষয়টি নিশ্চিত করে অরবিন্দ দত্ত প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে আমরা ৬০–৭০ জন স্বেচ্ছায় আওয়ামী লীগ ছেড়ে নুরুজ্জামান লস্করের নেতৃত্বে বিএনপিতে যোগ দিয়েছি। আমরা এলাকায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই।’

এ সম্পর্কে নুরুজ্জামান লস্কর বলেন, ‘৮ নম্বর ওয়ার্ডের অর্ধশতাধিক নেতা-কর্মী স্বেচ্ছায় আমাদের দলের চেয়ারম্যানের কর্মকাণ্ড অনুপ্রাণিত হয়ে বিএনপিতে যোগদান করেছেন। আমার জানা মতে তাঁদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই।’