ব্যাংকে ৫০০ টাকা জমার রসিদ দেওয়ার ৭ দিনে মিলছে পুলিশের প্রত্যয়নপত্র

বিদেশগামী, চাকরিপ্রার্থীসহ সবাই যাতে হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স পেতে পারেন, সে জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের উদ্যোগে চালু করা হয়েছে ‘ওয়ান-স্টপ পুলিশ ক্লিয়ারেন্স’ সার্ভিস। গত ৩১ আগস্ট এই সেবার উদ্বোধন করা হয়। এ বিষয়ে প্রথম আলো কথা বলেছে বরিশাল নগর পুলিশের প্রধান মো. সাইফুল ইসলামের সঙ্গে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করে ২০তম বিসিএসে পুলিশ সার্ভিসে যোগ দেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সাইফুল ইসলাম

প্রশ্ন :

প্রথম আলো: ‘পুলিশ ক্লিয়ারেন্স’ সার্ভিসের ধারণাটি কীভাবে মাথায় এল?

সাইফুল ইসলাম: বেশ কয়েকটি জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। আবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশে ছিলাম। সে সময় দেখেছি, কীভাবে সাধারণ মানুষ এই ছোট একটি প্রত্যয়নপত্র পেতে ভোগান্তির শিকার হন। আমি যেখানেই কাজ করেছি, সেখানেই চেষ্টা করেছি এই ভোগান্তি যাতে না হয়। তবে এই প্রক্রিয়াকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনতে পারিনি। এখন বড় পরিসরে কাজের সুযোগ এসেছে, তাই উদ্যোগ নিয়েছি।

প্রশ্ন :

প্রথম আলো: অভিযোগ রয়েছে মিথ্যা মামলা, গুরুতর অভিযোগ না থাকলেও প্রত্যয়নপত্র পান না অনেকে। সেগুলো কীভাবে দূর করবেন?

সাইফুল ইসলাম: এটা সত্য। তবে আমার নির্দেশনা এ রকম যে এটা পাওয়া একজন নাগরিকের অধিকার। যদি কেউ না পান, তবে তাঁকে জানাতে হবে কী কারণে তিনি পাবেন না। তবে গুরুতর ফৌজদারি অপরাধ, দণ্ডিত না হলে এটা আটকে দেওয়ার কোনো যুক্তি নেই। অনেকে মিথ্যা মামলার শিকার হন। আমি থানাগুলোকে নির্দেশনা দিয়েছি, দ্রুত সেসব মামলা তদন্ত করে ওই আসামিকে বাদ দিয়ে প্রত্যয়ন নিশ্চিত করতে। আশা করি এ ধরনের অভিযোগ থাকবে না। থাকলে সেটা দেখব।

প্রশ্ন :

প্রথম আলো: এই উদ্যোগের ক্ষেত্রে কোনো নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন?

সাইফুল ইসলাম: হইনি এটা পুরোপুরি সত্য নয়। প্রথম দিন এটা অনেকে বিশ্বাস করতে চাননি। অনেকে বলেছেন, এটা কী করে সম্ভব! কিন্তু আমি কথা দিয়েছিলাম এক সপ্তাহে দেব। সেই কথা রেখেছি। এতে ভালো লাগছে। এটা অব্যাহত থাকবে।

প্রশ্ন :

প্রথম আলো: এটা কীভাবে সম্ভব হলো?

সাইফুল ইসলাম: আত্মবিশ্বাস ও মানুষকে সেবা দেওয়ার মানসিকতা থাকলে সব ভালো কাজ করা সম্ভব। শুধু সরকারি ৫০০ টাকা ফি ব্যাংকে জমা দিয়ে রসিদ জমা দিলে আমাদের দায়িত্বপ্রাপ্ত লোকেরাই বিনা পয়সায় ফরম পূরণ, স্ক্যান করে অনলাইনে এটা সাবমিট করে দেন। সাত দিনের মধ্যে এটা তাঁকে ফোন করে ডেকে এনে হাতে তুলে দেওয়া হয়। দেশের মানুষ বিদেশে পরিশ্রম করে আমাদের জন্য রেমিট্যান্স পাঠান। একটা বেকার ছেলে চাকরি পাবেন, মা-বাবা তা নিয়ে কত আশায় থাকেন! তাঁদের যদি পুলিশের প্রত্যয়নপত্র পাওয়ার জন্য মাসের পর মাস ঘুরতে হয়, টাকা খরচ করতে হয়; সেটা কাম্য নয়।