আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে জামায়াত: রাশেদ খাঁন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। রংপুর, ১৮ সেপ্টেম্বর ২০২৬ছবি: প্রথম আলো

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চ আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। সতর্ক করে তিনি বলেন, এটি কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম ফটকে জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদের ‘স্ট্রিট মেমোরি স্টাম্প’ পরিদর্শন করেন রাশেদ খাঁন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খাঁন বলেন, ‘বিএনপি গণ–অভ্যুত্থানের অন্যতম স্টেকহোল্ডার (অংশীজন)। যারা বিরোধী দলে আছে তারাও গণ–অভ্যুত্থানের স্টেকহোল্ডার। আমি এর আগেই আমাদের বিরোধী দলের প্রতি আহ্বান রেখেছি, রাষ্ট্র পুনর্গঠনে আপনারা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আপনারা যদি সহযোগিতা না করে লংমার্চের নামে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেন, সেটি কখনোই ভালো ফলাফল বয়ে আনবে না।’

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ‘জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট লংমার্চের ডাক দিচ্ছে। আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি, আওয়ামী লীগ এই লংমার্চকে কেন্দ্র করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নাশকতা চালানোর উদ্দেশ্যে।’

জামায়াতকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, ‘আপনারা দেখেন নাই, ক্যান্টনমেন্ট থানার মতো একটি জায়গায় এমন একজন ওসি ছিলেন। সেই ওসি বলছেন, পুলিশ এতটাই দুর্বল যে শেখ হাসিনা ডিসেম্বরে নয়, আগে ফিরে এলেও এই পুলিশ কিছু করতে পারবে না।’

উল্লেখ্য, পুলিশের পরিদর্শক রাকিবুল হাসান ঢাকার ক্যান্টনমেন্ট থানার ওসির দায়িত্বে ছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে রাকিবুল হাসানকে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায়।

অডিওতে শেখ হাসিনার দেশে ফেরা এবং পুলিশের সক্ষমতা নিয়ে মন্তব্য করতে শোনা যায় রাকিবুল হাসানকে। এই অডিও রেকর্ড নিয়ে আলোচনার মধ্যে তাঁকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। পরে তাঁকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) হেফাজতে নেওয়া হয়।

জামায়াত হঠকারী দল হিসেবে পরিচিত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, তার মানে কী? ১৬ বছরে যেভাবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করা হয়েছিল, সেই ব্যবস্থার কি পুরোপুরি অবসান অন্তর্বর্তী সরকার করতে পেরেছিল? করতে পারেনি। যে কারণে বিএনপি সরকারের পক্ষেও রাতারাতি ওই ফ্যাসিবাদী ব্যবস্থার নির্মূল করা সম্ভবপর হয়ে উঠছে না।

রাশেদ খাঁন বলেন, ‘এর অন্যতম কারণ হলো জামায়াত। তারা আওয়ামী ফ্যাসিবাদকে একধরনের সুযোগ তৈরি করে দিচ্ছে। জামায়াত রাজনৈতিকভাবে একটি হঠকারী দল হিসেবে পরিচিত।’

এ সময় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, এই সরকার মাত্র সাত মাস বয়সে পড়েছে। ছয় মাস সরকার অতিবাহিত করেছে এবং ছয় মাসে সরকারের যে কার্যক্রম, সেটা জনগণের কাছে অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে পরিকল্পিত ষড়যন্ত্র জামায়াতে ইসলামী করছে, সেটি হলো এই লংমার্চের মাধ্যমে। তারা আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে।

রাশেদ খাঁন প্রশ্ন রাখেন, এই অল্প বয়সী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি লংমার্চ করা যায়? তিনি বলেন, জামায়াতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে, ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবে। অন্যদিকে সেই ফ্যাসিস্ট শেখ হাসিনাও ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান। এই কারণে জনগণের মনের মধ্যে একধরনের সন্দেহ রয়েছে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ১৯৯৬ সালে যেমনিভাবে জামায়াত ও আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে রাজপথে নেমেছিল, ঠিক একইভাবে তারা বুঝে বা না বুঝে আরেকটি ছক তৈরি করছে কি না, এই প্রশ্ন জনগণের মনের মধ্যে রয়েছে।

বিরোধী জোটের চট্টগ্রামের লংমার্চের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, ‘এই যে লংমার্চের নামে আওয়ামী লীগের নেতাদের গাড়ি নিয়ে লং ড্রাইভ করা এবং আমরা দেখেছি যে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) এক নেতা, তাঁর নামটা আমি বলব না, আজকাল তাঁর নাম মুখে নিতেও লজ্জা লাগে; আওয়ামী লীগের নেতার প্রাডো গাড়ি করে তিনি চট্টগ্রামে লংমার্চে গিয়েছেন।’

আরও পড়ুন

রাশেদ খাঁন আরও বলেন, ‘জামায়াতসহ ১১ দলকে বলব যে আপনারা রংপুরে যে লংমার্চ নিয়ে আসছেন, আপনারা যদি প্রকৃতপক্ষে জনবান্ধব হন, তাহলে ঢাকা থেকে পায়ে হেঁটে রংপুরে আসুন। লংমার্চের নামে লং ড্রাইভে আসবেন—এ রকম কোনো উসকানি আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করি না।’

উল্লেখ্য, আট দফা দাবিতে ১১–দলীয় ঐক্য আগামীকাল শনিবার সকাল ৭টায় রংপুর অভিমুখে লংমার্চ শুরু করবে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সভা চলবে সকাল আটটা পর্যন্ত। এরপর সন্ধ্যা ৭টায় রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশ হবে।