শামসুজ্জামানের মুক্তির দাবি জানিয়েছে দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন
সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানের মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন সাভার-আশুলিয়া-ধামরাইয়ে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা। এ ছাড়া শামসুজ্জামানকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়া এবং তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘটনায় নিন্দা জানিয়েছে বরিশাল সাংবাদিক ইউনিয়ন (জেইউবি) ও খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ)।
আজ বুধবার বিকেলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন সাভার-আশুলিয়া-ধামরাইয়ের সাংবাদিকেরা। আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর হোসাইনের সভাপতিত্বে মানববন্ধনে অংশ নেওয়া সংবাদকর্মীরা বলেন, রাতের আঁধারে পরিবার ও সহকর্মীদের না জানিয়ে একজন সংবাদকর্মীকে আটক করা নিন্দনীয় ও দুঃখজনক। মাঠপর্যায়ের সংবাদকর্মীরা চরম অসহায়ত্ব নিয়ে সংবাদ সংগ্রহ করে থাকেন। এ ক্ষেত্রে কোনো ভুল হলে প্রেস কাউন্সিল কিংবা সংশ্লিষ্টদের মাধ্যমে যথাযোগ্য নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া উচিত। এ সময় তাঁরা অবিলম্বে সাংবাদিক শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এদিকে শামসুজ্জামানকে গভীর রাতে বাসা থেকে তুলে নেওয়া এবং তাঁর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জেইউবি। সংগঠনের সভাপতি মনিরুল আলম ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, এ ঘটনা সাংবাদিকদের পেশাগত কাজের ক্ষেত্রে ভীতি ও আতঙ্ক ছড়াবে এবং স্বাধীন সাংবাদিকতার বিকাশকে রুদ্ধ করবে।
খুলনা রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক গৌরাঙ্গ নন্দী গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, সাভারে কর্মরত প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তাঁর বাসা থেকে আজ ভোর চারটার দিকে সিআইডি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়। পরে বলা হয়েছে, ওই সংবাদের কারণে মামলা হয়েছে। ভুল সংবাদের কারণে প্রেস কাউন্সিলে যাওয়া যেত। তা না করে যেভাবে গ্রেপ্তারের ঘটনাটি ঘটেছে, তাতে মনে হতে পারে, একজন বড় অপরাধীকে ধরার অভিযান চালানো হয়েছে।
প্রসঙ্গত, আজ ভোর চারটার দিকে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামানকে তাঁর বাসা থেকে সিআইডির পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। সিআইডির পরিচয় দেওয়া ব্যক্তিরা সাধারণ পোশাকে ছিলেন। সাংবাদিক শামসুজ্জামানের বাসা সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে আমবাগান এলাকায়। এদিকে ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত এক সংবাদের জেরে শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। রাজধানীর তেজগাঁও থানায় হওয়া মামলাটির বাদী সৈয়দ মো. গোলাম কিবরিয়া (৩৬) নামের এক ব্যক্তি। থানায় তালিকাভুক্ত হওয়া এজাহার অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত ২টা ১৫ মিনিটে মামলাটি হয়েছে।