শরীয়তপুরে অগ্নিকাণ্ডে পুড়ল ১৫ দোকান, দুর্ঘটনা না নাশকতা, তদন্ত করবে প্রশাসন
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা সদরের দাসের জঙ্গল বাজারে অগ্নিকাণ্ডে ১৫টি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে এ অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১০টার দিকে বাজারের হাসমত আলী খান সুপারমার্কেটে হঠাৎ আগুন লেগে যায়। স্থানীয় মানুষ নানাভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। খবর পেয়ে গোসাইরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। ততক্ষণে ১৫টি দোকান পুড়ে যায়।
এদিকে আজ সোমবার সকাল থেকে গোসাইরহাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোটের আগের রাতে এমন অগ্নিকাণ্ডে স্থানীয় লোকজনের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এটি দুর্ঘটনা, নাকি নাশকতা, তা খতিয়ে দেখতে কাজ করছে প্রশাসন।
ক্ষতিগ্রস্ত স্টেশনারি দোকানের মালিক ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, চোখের সামনে মালামালসহ তাঁর দোকানটি পুড়ে গেছে। তাঁর বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল দোকানটি। এখন তিনি নিঃস্ব হয়ে গেলেন।
বাজারের হাসমত আলী খান সুপারমার্কেটে ফার্নিচার দোকানের মালিক সাইফুল ইসলাম বলেন, রাতে দোকান বন্ধ করে সবাই বাড়ি চলে যান। রাত ১০টার দিকে মার্কেটে আগুন লাগার খবর পান। ছুটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। চোখের সামনে দোকানটি পুড়ে ছাই হয়ে গেল। এতে তাঁর প্রায় ৬০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গোসাইরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ড কীভাবে ঘটছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
ভোটের আগের রাতে পৌর এলাকার গুরুত্বপূর্ণ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনাটি সবার মনে সংশয় ও অবিশ্বাস সৃষ্টি করেছে বলে জানিয়েছেন গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাফী বিন কবির। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচন বানচালের জন্য কোনো পক্ষ এটা ঘটিয়েছে, নাকি এটি নিছক দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে তদন্ত কমিটি গঠন করা হবে। আর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
১২ বছর পর গোসাইরহাট পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সীমানা–জটিলতার মামলায় পৌরসভার নির্বাচন বন্ধ ছিল। পরবর্তী সময়ে মামলা নিষ্পত্তি হলে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই নির্বাচন স্থগিত চেয়ে গোসাইরহাটের একটি পক্ষ উচ্চ আদালতে রিট করে। গতকাল রোববারও ওই রিটের ওপর শুনানি হয়। নির্বাচনে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৫৩ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মেয়র পদে আওয়ামী লীগের চারজন বিদ্রোহী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পৌরসভায় ১৮ হাজার ২৩ জন ভোটার রয়েছেন।