শিল্পী অছিমের আলোহীন চোখে জ্বলজ্বল করে গানের স্কুলের স্বপ্ন
দুই চোখে আলো নেই। অভাবের সংসারে মাথা গোঁজার ঠাঁইটুকুই সম্বল। কিন্তু কণ্ঠে আছে সুর। বাঁধতে পারেন গান। সেই গানে সুর করে গাইতে গেলেই ভুলে যান পৃথিবী দেখতে না পারার দুঃখ। জাগতিক সব অভাব।
তিনি বাউলশিল্পী অছিম উদ্দিন (৫৭)। বাড়ি দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তবর্তী জোতবানী গ্রামে। নিজের লেখা গানের পাশাপাশি অন্য অনেক বাউলের গান মুখস্থ তাঁর। স্থানীয় বিভিন্ন অনুষ্ঠানে ভরাট গলার গানে শ্রোতাদের মাতিয়ে রাখেন। কিন্তু প্রায় তিন শ গান বুকে লালন করা এই শিল্পীর দিন কাটছে দারিদ্র্যে।
করোনা মহামারি ও তৎপরবর্তী সময়ে গানের অনুষ্ঠানের ডাক পান না একদমই। বাধ্য হয়ে পথেঘাটে ও বিভিন্ন বেসরকারি সংস্থার সচেতনতামূলক কর্মসূচিতে গান করেন শিল্পী অছিম। মাঝেমধ্যে ফরিদপুর, রাজবাড়ী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার বিভিন্ন অনুষ্ঠানে গানের ও কি-বোর্ড বাজানোর জন্য ডাক পান। এতে যা আয় হয় তা দিয়েই কোনোরকমে চলে পাঁচজনের সংসার।
তবে আলোহীন দুই চোখে স্বপ্ন জ্বলজ্বল করে অছিম উদ্দিনের। স্থানীয় কাটলাবাজারে একটি গানের স্কুল খুলতে চান এই সংগ্রামী শিল্পী। ২০১০ সালে উপজেলার কাটলাবাজারে একটি গানের স্কুল খুলে ছিলেন তিনি। কিন্তু প্রয়োজনীয় বাদ্যযন্ত্র না থাকায় ও ঠিকমতো ঘরভাড়া দিতে না পারায় সেটি বন্ধ হয়ে যায়। পরের বছর রাজশাহীর তানোড় উপজেলার চৌবাড়িয়া বাজারে তাঁর শিষ্য কাবিল হোসেনের অনুরোধে একটি গানের স্কুল খোলেন। বাড়ি থেকে সপ্তাহে তিন দিন সেখানে গিয়ে ক্লাস নিতেন তিনি। সেটিও একসময় বন্ধ হয়ে যায়।
অছিম উদ্দিন প্রথম আলোকে বলেন, সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতায় গানের স্কুলটি খোলা গেলে এলাকার সংস্কৃতিমনা ছেলেমেয়েদের গান চর্চার একটি বড় সুযোগ তৈরি হবে।
কাটলাবাজার ও এর আশপাশের এলাকায় আছেন জালাল উদ্দিন, জয়েন উদ্দিন, তায়েব উদ্দিন, জামান, লগেন পাহান, সুজিত কুমার, জাহাঙ্গীর আলম ও আনোয়ার হোসেনের মতো অনেক গুণী শিল্পী—যাঁরা একসময় এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করতেন। তাঁদের সহযোগিতা নিয়েই গানের স্কুল খুলতে চান শিল্পী অছিম।
স্থানীয় শিল্পী জয়েন উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রায় ৩০ বছর ধরে শিল্পী অছিম উদ্দিনের সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেছি। গানের প্রতি তাঁর প্রচণ্ড ভালোবাসা। যেখানেই গানের ডাক পান, সেখানেই ছুটে যান। তিনি গানের স্কুল খুললে তাঁকে আমরা সব ধরনের সহযোগিতা করব।’
অছিম উদ্দিন গানের পাশাপাশি বাজাতে পারেন হারমোনিয়াম, তবলা, কি-বোর্ড, বেহালা, বেনজু, বাঁশের বাঁশি, জিপসি, মন্দিরা, খোল ও কাঠি ঢোলসহ ১০ ধরনের বাদ্যযন্ত্র। কিন্তু তাঁর নিজের কোনো বাদ্যযন্ত্র নেই।
২০১৯ সালের ৩ ডিসেম্বর প্রথম আলোতে ‘দৃষ্টিপ্রতিবন্ধী অছিমের কণ্ঠে সুরের জাদু’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি অছিম উদ্দিনকে দিনাজপুর সার্কিট হাউস চত্বরে বর্ষবরণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানান জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। অনুষ্ঠানে অছিম উদ্দিনের গান শুনে মুগ্ধ হন শ্রোতারা। সেদিন তাঁকে একটি হারমোনিয়াম উপহার দেওয়ার ঘোষণা দেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে উপস্থিত তৎকালীন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীও নয়টি বাদ্যযন্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
কয়েক মাস পর জেলা প্রশাসক তাঁর দপ্তরে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিল্পী অছিম উদ্দিনের হাতে হারমোনিয়াম তুলে দেন। কিন্তু আজিজুল ইমাম চৌধুরীর প্রতিশ্রুত নয়টি বাদ্যযন্ত্র তিন বছরেও পাননি এই বাউলশিল্পী। কবে পাবেন, তা-ও জানেন না। তবু আশায় বুক বেঁধে আছেন তিনি।
অছিম উদ্দিন বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন, এলাকায় একটি গানের স্কুল খুলব। এলাকার ছেলেমেয়েরা সেখানে গান শিখবে। আমার গান শুনে ডিসি স্যার আমাকে একটি হারমোনিয়াম দিয়েছেন। জেলা পরিষদ চেয়ারম্যানের প্রতিশ্রুত নয়টি বাদ্যযন্ত্র দিলে স্কুলটি খোলার স্বপ্ন এগিয়ে নেওয়া যেত।’
অছিম উদ্দিনের নামে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে একটি সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন দিনাজপুরে জেলা শিল্পকলা একাডেমির সংস্কৃতি কর্মকর্তা মীন আরা পারভীন। তিনি প্রথম আলোকে বলেন, অছিম উদ্দিন তাঁর এলাকায় গানের স্কুল করলে সেটির উন্নয়নের জন্য প্রতিবছর আর্থিক অনুদানের ব্যবস্থা করা হবে।
নিজের দেওয়া স্কুল গানে গানে মুখরিত হয়ে উঠবে, বাদ্যযন্ত্রের টুংটাংয়ে ক্লান্ত শরীরে উদ্বেলিত হবেন এলাকার খেটে খাওয়া মানুষ—এই চাওয়া বাউল শিল্পী অছিম উদ্দিনের। তাঁর এ স্বপ্ন পূরণ হবে না?