কুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন নামের এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে।
আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে সীমান্তের শূন্যরেখার কাছে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন সাজুল হোসেন। এ সময় ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের নার্সারি ক্যাম্পের টহল দল তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত ছররা গুলিবিদ্ধ হয়। পরে তাঁকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. তৌহিদুল হাসান প্রথম আলোকে বলেন, ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
৪৭ বিজিবি ব্যাটালিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সকালে বিএসএফ হঠাৎ গুলিবর্ষণ করলে এক বাংলাদেশি নাগরিক পায়ে গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই বিজিবির জামালপুর বিওপির নিয়মিত টহল দল দ্রুত সীমান্ত এলাকায় অবস্থান নেয়। সীমান্তবর্তী এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং আত্মরক্ষামূলক ব্যবস্থা হিসেবে পাল্টা গুলি ছোড়ে বিজিবি। ঘটনার পর থেকে সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কয়েকগুণ বাড়ানো হয়েছে। বর্তমানে সীমান্তে অতিরিক্ত সতর্কতা জারি আছে।
কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি জানান, ঘটনার পর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।