প্রিয় কুকুর ট্রাম্পির জন্য কাঁদছে ক্যাম্পাস
ট্রাম্পি নামের একটি কুকুরের মৃত্যুতে কাঁদছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কেমোথেরাপি দিয়েও বাঁচানো যায়নি তাকে। প্রিয় কুকুরের মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা আজ সোমবার ফেসবুকে স্মৃতিচারণা করেন। গতকাল রোববার ট্রাম্পি মারা যায়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ক্যাম্পাসের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল ট্রাম্পির। ধবধবে সাদা শান্ত স্বভাবের কুকুরটি বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম, পরীক্ষার হল, আবাসিক হল কিংবা মিছিলে চলে যেত অনায়াসে। গত ছয় বছর ক্যাম্পাসে ছিল তার সরব উপস্থিতি।
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাধিকার’–এর সাধারণ সম্পাদক আরিজ আহমদ ট্রাম্পির মৃত্যুতে ফেসবুকে লিখেছেন, ‘আমাদের ক্যাম্পাসের প্রিয় ট্রাম্পি চলে গেছে। ছোট জীবনে রেখে গেছে হাজারো স্মৃতি। জয় করেছে হাজারো মানুষের হৃদয়। ট্রাম্পির জন্য কাঁদছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস।’
মো. জয়নাল আবেদীন নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘বিশ্ববিদ্যালয়ের আনাচকানাচে ট্রাম্পির চলাফেরা ছিল। প্রত্যেকের তাকে নিয়ে একধরনের আবেগ জড়িয়ে আছে।’
লিমন হাসান নামের আরেক শিক্ষার্থী লিখেছেন, ‘ট্রাম্পি মারা গেছে। তার সঙ্গে সখ্য ছিল না—এমন মানুষ ক্যাম্পাসে কমই আছে। ক্লাসরুম থেকে শুরু করে হলের ছাদ—সব জায়গায় ছিল তার বিচরণ।’
ফারদিন শাহরিয়ার নামের এক শিক্ষার্থী লিখেছেন, ‘ট্রাম্পি আর আমাদের মাঝে নেই, এটা ভাবতেই কষ্ট লাগছে।’
অসীম কুমার বৈষ্ণব লিখেছেন, ‘ট্রাম্পি শুধু কুকুর ছিল না, বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক মানুষের ভালো বন্ধুও ছিল।’
আবেগতাড়িত সানজিদা আরেফিন লিখেছেন, ‘সবার প্রিয় ছিল সে। ক্যাম্পাসে আমরা আর ট্রাম্পি একসঙ্গে বেড়ে উঠলাম। আমরা রয়ে গেলাম, সে চলে গেল।’
প্রাধিকারের সাধারণ সম্পাদক আরিজ আহমদ বলেন, ২০১৬ সালে বিশ্ববিদ্যালয়ের শাহ এ এম এস কিবরিয়া হলে ট্রাম্পিকে লালন-পালন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সামিউর রহমান, মো. শরিফুল আলম, রিয়াজুল ইসলাম ও মো. রাজিব।
ধীরে ধীরে ট্রাম্পি ক্যাম্পাসের বাসিন্দা হয়ে ওঠে। গত বছর থেকে ট্রাম্পি ক্যানাইন ট্রান্সমিসিবল ভেনেরাল টিউমারে আক্রান্ত হলে তাকে কেমোথেরাপি দেওয়া হয়। এতে সে সুস্থ হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ফুচকা চত্বরে ট্রাম্পির শেষকৃত্য হয়। কেন্দ্রীয় অডিটোরিয়ামের পাশে তাকে শায়িত করেছেন শিক্ষার্থীরা।