পটুয়াখালীতে পানিনিষ্কাশনের পাইপ বসানো নিয়ে বিরোধে একজনকে পিটিয়ে হত্যা
পটুয়াখালীর বাউফল উপজেলায় বাড়ির পানিনিষ্কাশনের জন্য পাইপ বসানোকে কেন্দ্র করে বিরোধের জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তাঁর স্ত্রী ও দুই ছেলে আহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কালাইয়া গ্রামের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রবিন হাওলাদার (৫০)। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন রবিনের স্ত্রী ঠাকু রানী হাওলাদার (৪৫) এবং তাঁদের দুই ছেলে রনি হাওলাদার (২২) ও হৃদয় হাওলাদার (২৪)।
রবিন হাওলাদারের স্বজন ও স্থানীয় একাধিক বাসিন্দার সূত্রে জানা গেছে, বৃষ্টির মৌসুমে বাড়ির উঠানে পানি জমে যাওয়ায় সাতটি পরিবারের চলাচলে ভোগান্তি হচ্ছিল। এ সমস্যা সমাধানে প্লাস্টিকের পাইপ বসিয়ে পানিনিষ্কাশনের উদ্যোগ নেন রবিন। পাইপ কেনার খরচ সাতটি পরিবারের মধ্যে ভাগাভাগি করে দেওয়ার কথা ছিল। তবে এ বিষয়ে আপত্তি জানায় আনন্দ ব্যাপারীর পরিবার।
এ নিয়ে আজ সকালে রবিন হাওলাদারের সঙ্গে আনন্দ ব্যাপারীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রতন ব্যাপারীর নেতৃত্বে ৮–১০ জনের একটি দল লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে রবিন হাওলাদারের ওপর হামলা চালান। তাঁকে রক্ষা করতে গেলে তাঁর স্ত্রী ও দুই ছেলে আহত হন।
স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রবিন হাওলাদারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত হয়ে তাঁর স্ত্রী ও দুই ছেলে হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন।
লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি বলেন, ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।