সামাজিক, রাজনৈতিক অনুষ্ঠানে সরব আওয়ামী লীগের প্রার্থী, পিছিয়ে নেই অন্যরাও
সিলেট সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার-প্রচারণা আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি। কিন্তু গোটা নগর ছেয়ে গেছে সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ফেস্টুন, ব্যানার ও তোরণে। মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন।
এর আগে ১৫ এপ্রিল যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. আনোয়ারুজ্জামান চৌধুরীকে মেয়র পদে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। ১৭ এপ্রিল তিনি ঢাকা থেকে সিলেটে পৌঁছালে জেলা ও মহানগর আওয়ামী লীগ বিমানবন্দরে তাঁকে সংবর্ধনা দেয়। পরে গাড়ি ও মোটরসাইকেল মহড়া দিয়ে আনোয়ারুজ্জামানকে শহরে নিয়ে আসেন দলের কয়েক শ নেতা-কর্মী। সিলেটে ফিরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী দিন-রাত সমানতালে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিচ্ছেন।
গতকাল বৃহস্পতিবারও আনোয়ারুজ্জামান চৌধুরী একাধিক অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে নগরের ১২ নম্বর ওয়ার্ডে তিনি গরিব ও অসহায় মানুষদের মধ্যে শাড়ি, লুঙ্গিসহ ঈদের উপহারসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সিকন্দর আলী, মহানগর শ্রমিক লীগ নেতা সাদিকুর রহমান, জেলা যুবলীগ নেতা কামরুল ইসলাম, শেখঘাট জামে মসজিদের খতিব মাওলানা সাদিকুর রহমান, জেলা যুবলীগ নেতা মো. রেদোয়ান আহমদ, মো. সায়েম শাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে আনোয়ারুজ্জামানের ঘনিষ্ঠ কয়েকজন জানিয়েছেন, আওয়ামী লীগের মেয়র পদে ১১ জন মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তাই মনোনয়নবঞ্চিত সবার সঙ্গেই আনোয়ারুজ্জামান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। দলের মনোনয়নবঞ্চিত নেতাদের পাশাপাশি আওয়ামী লীগের নেতৃস্থানীয়দের বাসায় তিনি যাচ্ছেন। এতে নির্বাচন ঘিরে আওয়ামী লীগের দ্বন্দ্ব-বিভেদ থাকবে না বলে তাঁরা মনে করছেন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ মেয়র পদে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি তৃণমূলের একজন কর্মী ছিলাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে কেন্দ্রীয় কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন একাধিকবার। এবার আমি মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু পাইনি। তবে আমাদের নেত্রী যাঁর হাতে নৌকা প্রতীক তুলে দিয়েছেন, তাঁর পক্ষেই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। নৌকার বিজয় নিশ্চিত করেই আমরা ঘরে ফিরব।’
সাধারণ ভোটাররা জানান, সিটি নির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে উৎসাহের কমতি নেই। বিএনপি নির্বাচনে অংশ নেবে না জানানোর পর বিএনপি-দলীয় বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র প্রার্থী হবেন কি না, এ নিয়ে নগরে আলোচনা আছে। ভোট কেমন হবে, কারা প্রতিদ্বন্দ্বিতায় আসবেন, এ নিয়ে ভোটাররা বিচার-বিশ্লেষণ শুরু করেছেন। পাড়া-মহল্লায় গল্প-আড্ডায় আলোচনার কেন্দ্রে রয়েছে আসন্ন সিটি নির্বাচন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ২১ জুন ইভিএমে সিলেট সিটি করপোরেশন নির্বাচন হবে। ২৩ মে পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করা যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২৫ মে আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১ জুন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।
সরব অন্য প্রার্থীরাও
জাতীয় পার্টির একজন নেতা জানিয়েছেন, মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে এখানে জাতীয় পার্টির তিনজন নেতা সরব। এর মধ্যে মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলামের দলীয় মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি। তাঁর পাশাপাশি জাতীয় পার্টির নেতা বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরী এবং যুক্তরাজ্য জাতীয় পার্টির সহসভাপতি আবদুস সামাদের সমর্থনে নগরে প্রচারণা চলছে।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মেয়র পদে তাদের কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানকে দলীয় মনোনয়ন দিয়েছে। তাঁর সমর্থনেও নগরে পোস্টার, ফেস্টুন সাঁটানো হয়েছে। এসব প্রার্থীর বাইরে আরও অন্তত চারজন সম্ভাব্য প্রার্থীর নাম মেয়র পদে আলোচিত হচ্ছে।
তবে সিলেটের রাজনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হওয়ায় তাঁর মূল প্রতিদ্বন্দ্বী কে হতে পারেন, তা নিয়েই এখন নগরে জোর আলোচনা চলছে। অনেকের ধারণা, বিএনপির মনোনয়নে নির্বাচন করে টানা দুবার মেয়র নির্বাচিত হওয়া বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরী স্বতন্ত্র হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনিও সামাজিক, রাজনৈতিকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। তবে সেসব অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য দিলেও মেয়র নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোনো মন্তব্যই করছেন না।
এ বিষয়ে জানতে চাইলে মেয়র আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার দল বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না। আমার অবস্থানও দলের বাইরে নয়। তবে সম্প্রতি যুক্তরাজ্য সফরে গেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক হয়েছে। তিনি আমাকে নির্বাচনের বিষয়ে সংকেত দিয়েছেন। তবে সেটা লাল সংকেত নাকি সবুজ সংকেত, তা ঈদের পরে খোলসা করব।’