কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক ঢাকায় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উৎবাতুল বারী
ছবি: সংগৃহীত

কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী ওরফে আবুকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত আনুমানিক ১১টার দিকে রাজধানীর গুলশান ওয়েস্টিন হোটেল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে বিষয়টি জানাজানি হয়।

কুমিল্লা মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে ২৫ জুলাই কুমিল্লা থেকে শত শত নেতা-কর্মী নিয়ে উৎবাতুল বারী ঢাকায় যান। এরপর তিনি গতকাল নয়াপল্টনে কর্মসূচিতে যোগ দেন। রাতে গুলশান-২-এ হোটেল ওয়েস্টিন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। আজ শনিবার তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানাজানি হয়।

তাঁকে গুলশান থানায় একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ বিকেলে তাঁকে ঢাকার একটি আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক তাঁকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে তাঁকে কেরানীগঞ্জে পাঠানো হয়।

এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন উর রশিদ ও সদস্যসচিব জসিম উদ্দিন মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারীকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান। একই সঙ্গে তাঁর মুক্তি দাবি করেন।

মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা বলেন, উৎবাতুল বারীকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মহাসমাবেশে ঢাকায় এসেছিলেন।