গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাইক্রোবাস খাদে, ৭ কৃষি কর্মকর্তা আহত
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসে থাকা সাত উপসহকারী কৃষি কর্মকর্তা ও মাইক্রোবাসটির চালক আহত হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে নয়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সাত উপসহকারী কৃষি কর্মকর্তা কিশোরগঞ্জ, নেত্রকোনা ও জামালপুরের বিভিন্ন উপজেলায় কর্মরত আছেন। তাঁদের মধ্যে মোহাম্মদ এহসান (৩০) কিশোরগঞ্জের ইটনা উপজেলায়, রমজান আলী (৩১) নেত্রকোনার মদন উপজেলায়, মো. মাহবুব (২৭) নেত্রকোনার বারহাট্টা উপজেলায়, সজীব কুমার দাশ (৩০) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়, রাজিব মিয়া (৩২) কিশোরগঞ্জ নিকলী উপজেলায়, মাসুদ খান (২৮) কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় ও আল মাসুদ খান (৩০) জামালপুরের ইসলামপুর উপজেলায় কর্মরত আছেন। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালক আহাদ উদ্দিন (৩৫) আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ হোসেন প্রথম আলোকে বলেন, ওই সাত উপসহকারী কৃষি কর্মকর্তা সরকারি সফরে ময়মনসিংহ থেকে কক্সবাজারে যাচ্ছিলেন। দ্রুতগতি ও বাঁকের কারণে মাইক্রোবাসটির চালক নিয়ন্ত্রণ হারালে সেটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মহাসড়কের পশ্চিম পাশে ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটির চালক ও সাত উপসহকারী কৃষি কর্মকর্তা আহত হন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
এসআই মোহাম্মদ হোসেন বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কারও অবস্থা গুরুতর নয়। তাঁরা লোহাগাড়ার কয়েকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। মাইক্রোবাসটি হাইওয়ে পুলিশ জব্দ করেছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।