সরাইলে জায়গা দখল দিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারী, পুরুষ, শিশুসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুবাজাইল গ্রামের ধন মিয়া ও মস্তু মিয়ার মধ্যে বাড়ির সীমানা এবং রাস্তার জায়গা নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলছিল। দুই পক্ষই রাস্তার জায়গা দখলের চেষ্টা করছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়।
গত শনিবারও দুই পক্ষের মধ্যে বাড়ির রাস্তা ও সীমানা নিয়ে কথা–কাটাকাটি থেকে মারধরের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন উভয় পক্ষকে নিয়ে সোমবার বিকেলে সালিস বৈঠকে বসে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেন। দুবাজাইল গ্রামে সোমবার বিকেলে বিষয়টি নিয়ে উভয় পক্ষের এক সালিস বৈঠক বসার কথা ছিল। এরই মধ্যে বিকেল পাঁচটার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় উভয় পক্ষেরই অন্তত ১৫ জন আহত হন।
আহত ব্যক্তিরা হলেন সাদেক মিয়া (৪০), শিরু মিয়া (৬৫), মস্তু মিয়া (৩৫), শিরিনা বেগম (৩০), নিশা বেগম (৩০), ইদ্রিস মিয়া (৩২), আবদুল হাকিম (৩০), হাছান মিয়া (৮) ও আক্তার মিয়া (৬৫)। তাঁরা সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অন্যরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
অরুয়াইল ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য এনামুল করিম জানান, তুচ্ছ ঘটনায় জেরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সালিস বৈঠক হওয়ার আগেই তাঁরা নিজেরা একে অপরের লোকজনকে মারধর শুরু করেন।
ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, প্রথমে মস্তু মিয়ার লোকজন ও পরে ধন মিয়ার লোকজন সংঘর্ষে জড়ান।
একাধিকবার চেষ্টা করেও মুঠোফোন না ধরায় মস্তু মিয়া ও ধন মিয়ার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন প্রথম আলোকে বলেন, বাড়ির সীমানা ও রাস্তা নিয়ে দুবাজাইল গ্রামের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। দুই দিন আগেও তারা পূর্ববিরোধের জেরে সংঘর্ষ জড়িয়ে পড়ে। ওই বিষয় নিয়ে সোমবার দুবাজাইল গ্রামে সালিস বৈঠক বসার কথা ছিল। এর মধ্যেই সোমবার বিকেলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। তবে এ ঘটনায় রাত নয়টা পর্যন্ত কেউ অভিযোগ করেননি।