ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবার মৃত্যু, ছেলে হাসপাতালে

মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের সময় ডাম্প ট্রাকটি মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়। গতকাল রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলার নলবিলা চেকপোস্ট এলাকায়ছবি: প্রথম আলো

কক্সবাজারের চকরিয়া উপজেলার নলবিলা চেকপোস্ট এলাকায় একটি ডাম্প ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ৮টার দিকে ওই এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নুরুল হোসেন (৪৫)। তিনি চকরিয়া উপজেলার বরইতলী এলাকার বাসিন্দা। একই দুর্ঘটনায় তাঁর ছেলে শামীম হোসেন (১১) গুরুতর আহত হয়েছে। শঙ্কাজনক অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চিরিংগা হাইওয়ে পুলিশ জানায়, ছেলেকে মোটরসাইকেলের পেছনে নিয়ে বরইতলী থেকে চকরিয়া স্টেশনের দিকে যাচ্ছিলেন নুরুল হোসেন। নলবিলা এলাকায় বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল থেকে নুরুল হোসেন ও তাঁর ছেলে শামীম হোসেন ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। শামীমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। ডাম্প ট্রাকটিও মহাসড়ক থেকে ছিটকে খাদে পড়ে গেছে।

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল
ছবি: প্রথম আলো

চিরিংগা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন আজ সকালে প্রথম আলোকে বলেন, নুরুল হোসেনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। ডাম্প ট্রাকটি খাদ থেকে তোলার চেষ্টা চলছে।