চট্টগ্রামে দুই শিশুর শরীরে হাম, ৪০ জনের নমুনা ঢাকায়

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে খোলা হয়েছে পৃথক হাম কর্নারছবি: প্রথম আলো

চট্টগ্রামে গত এক সপ্তাহে দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে। বর্তমানে এই দুই শিশুর মধ্যে এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্য শিশুটি চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছে। এই দুই শিশুসহ বিভিন্ন হাসপাতালে ২৮ শিশু হামের লক্ষণ নিয়ে ভর্তি আছে। জেলায় মোট ৪০ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়।

চট্টগ্রাম জেলা সিভিল কার্যালয় সূত্র জানায়, হাম শনাক্ত হওয়া সাড়ে পাঁচ মাস বয়সী এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। সে বোয়ালখালী উপজেলা থেকে এসেছে। পাঁচ মাস বয়সী অন্য শিশুর বাড়ি হাটহাজারী। চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে গত এক সপ্তাহে ১৮ জন ভর্তি হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে একজনের শরীরে হাম আগেই শনাক্ত হয়েছে। বাকি ১৭ জনের নমুনা ঢাকায় পাঠানো হয়েছে। অন্যদিকে মা ও শিশু হাসপাতালেও হামের লক্ষণ নিয়ে আরও ৯ জন এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালে একজন ভর্তি আছে।

জেলা সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম বলেন, বিভিন্ন হাসপাতাল থেকে ৪০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের তিন হাসপাতালে ২৮ জন ভর্তি আছে। বাকি ১২ জনকে বাড়িতে নেওয়া হয়েছে।

দাতা সংস্থাগুলোর একটি সূত্র বলছে, এ বছরের ৪ জানুয়ারি কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে প্রথম হাম শনাক্ত হয়। ১০ জানুয়ারি ক্যাম্প এলাকায় সতর্কতা জারি করা হয়। বাংলাদেশ হামমুক্ত দেশ নয়, তবে টিকা কর্মসূচির কারণে হামের প্রকোপ কমে এসেছিল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা ধারণা করছেন, অনেক শিশু নিয়মিত টিকা পাচ্ছে না। পাশাপাশি দেশে বেশ কয়েক বছর হাম ও রুবেলা টিকাদান কর্মসূচিও হয় না। এ কারণে হামের প্রকোপ দেখা দিয়েছে। চলতি মাসে হামে দেশে ৪১ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শিশুস্বাস্থ্য বিভাগে হামের লক্ষণ নিয়ে ভর্তি অধিকাংশ শিশুর বয়স ১৫ মাসের নিচে বলে জানান বিভাগের প্রধান মোহাম্মদ মুছা মিঞা। তিনি বলেন, ভর্তি হওয়া শিশুদের অনেকের শরীরে র‍্যাশ, জ্বর ও নিউমোনিয়া দেখা গেছে। শিশু ওয়ার্ডের আলাদা হাম কর্নারে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।