পাবনায় প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে বেড়েছে লোডশেডিং, জনজীবন অতিষ্ঠ
পাবনায় চলমান প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে বেড়েছে লোডশেডিং। দিনে কিছুটা কম হলেও সন্ধ্যার পর থেকে লোডশেডিং বেড়ে যাচ্ছে। এতে একদিকে ফসলের মাঠে সেচ দিতে সমস্যা হচ্ছে। অন্যদিকে প্রচণ্ড গরমে বিদ্যুৎ না পেয়ে অতিষ্ঠ হয়ে উঠছেন স্থানীয় লোকজন। এ ছাড়া গরমের প্রভাবে পাবনা জেনারেল হাসপাতালে বাড়তে শুরু করেছে শিশু ও ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা।
জেলার ঈশ্বরদী আবহাওয়া পর্যবেক্ষণকেন্দ্র সূত্রে জানা গেছে, ঈশ্বরদীতে এক সপ্তাহ ধরে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে। গত শনিবার তাপমাত্রা ছিল ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রোববার ৪১ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেল তা বেড়ে ৪৩ ডিগ্রি সেলসিয়াস হয়, যা ছিল দেশের সর্বোচ্চ তাপমাত্রা। তবে আজ মঙ্গলবার বিকেলে তাপমাত্রা কিছুটা কমে ৪০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
জেলা সদর ও বেশ কয়েকটি উপজেলায় খবর নিয়ে জানা গেছে, গরমের তীব্রতার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং। জেলা শহরের তুলনায় গ্রামে লোডশেডিংয়ের মাত্রা আরও বেশি। অনেক এলাকায় ৩০ মিনিট বিদ্যুৎ সরবরাহ করা হলেও দেড় থেকে দুই ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। এতে একদিকে যেমন বাড়িতে মানুষ গরমে পুড়ছে, অন্যদিকে বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে জমিতে সেচকাজ। আবার ঈদ উপলক্ষে বিপণিবিতানগুলোয় বেচাকেনায় চরম বিড়ম্বনা তৈরি হচ্ছে। অনেকে গরমে অসুস্থ হয়ে পড়ছেন।
জেলা শহরের বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সূত্রে জানা গেছে, শহরে নেসকোর দুটি ইউনিটের মধ্যে ইউনিট-১–এ আজ দিনে বিদ্যুতের চাহিদা ছিল ২৬ মেগাওয়াট। এর বিপরীতে বিদ্যুতের সরবরাহ মিলেছে ২০ মেগাওয়াট। ইউনিট-২–এর বিদ্যুতের চাহিদা ছিল ১৯ মেগাওয়াট। বিদ্যুৎ মিলেছে ১৪ মেগাওয়াট। তবে বিদ্যুৎ বিভাগের ভাষ্য, ‘পিক আওয়ারে’ বিদ্যুতের এই চাহিদা অনেক গুণ বেড়ে যাচ্ছে। এতে প্রতিদিন গড়ে প্রায় ২৫ শতাংশ বিদ্যুতের ঘাটতি থাকছে।
আজ সকাল থেকে জেলা শহর ও আশপাশের কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, ফসলের মাঠ থেকে বাজার—সব জায়গাতেই লোকসমাগম কম। প্রয়োজন ছাড়া যেন কেউ বাইরে বের হচ্ছেন না। তবে ঈদ সামনে রেখে শহরের বিপণিবিতানগুলোয় রয়েছে মানুষের ভিড়। তবে অধিকাংশ বিপণিবিতানে ঢুকলেই কানে আসছে জেনারেটরের আওয়াজ। বিদ্যুৎবিহীন অবস্থায় প্রচণ্ড গরম উপেক্ষা করেই চলছে কেনাকাটা।
জেলা শহরের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রচণ্ড গরমের সঙ্গে অতিরিক্ত লোডশেডিং থাকায় মানুষ মার্কেটে কম আসছেন। যাঁরা আসছেন, তাঁরাও অতিষ্ঠ হয়ে যাচ্ছেন। এতে বেচাবিক্রিও অনেক কমে গেছে।
শহরের হাজি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রইচ উদ্দিন বলেন, একে তো গরম, অন্যদিকে বিদ্যুৎ থাকছে না। পরিবেশের সঙ্গে মানুষেরও মাথা গরম হয়ে যাচ্ছে। মাঝেমধ্যে দোকানিদের সঙ্গে ক্রেতাদের বাগ্বিতণ্ডা হচ্ছে। কেউ কাউকে সহ্য করতে পারছেন না। এতে বেচাকেনায় বিরূপ প্রভাব পড়ছে।
এদিকে লোডশেডিংয়ের প্রভাব পড়েছে বোরোর খেতেও। জেলা সদরের মনোহরপুর গ্রামের বাবুল আক্তার বলেন, মনোহরপুর মাঠে বোরো আবাদের জন্য সমিতির মাধ্যমে তাঁরা ৪৫ জন কৃষক একটি গভীর নলকূপ বসিয়েছেন। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে তাঁরা বিদ্যুৎ নিয়ে জমিতে সেচ দেন। কিন্তু কয়েক দিন ধরে চরম লোডশেডিং থাকায় ঠিকমতো সেচ দিতে পারছেন না। একদিকে তাপপ্রবাহ, অন্যদিকে সেচ না দিতে পারায় পানি শূন্য হয়ে ধানের জমি ফেটে যাচ্ছে।
বাবুল আক্তার বলেন, ‘জীবনে এমন লোডশেডিং দেখিনি। আধা ঘণ্টা বিদ্যুৎ পেলে দেড় থেকে দুই ঘণ্টা পাচ্ছি না। এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’
জানতে চাইলে নেসকো ইউনিট-১–এর নির্বাহী প্রকৌশলী মাজেদুল হক প্রথম আলোকে বলেন, ‘ঘাটতির কারণেই লোডশেডিং কিছুটা বেড়েছে। তবে আমরা গ্রাহকের ভোগান্তি কমানোর জন্য এলাকা ভাগ করে লোডশেডিং দিচ্ছি। অন্যদিকে গত তিন দিনের তুলনায় বিদ্যুৎ–ঘাটতি কমে আসছে। আশা করছি, দ্রুত সমস্যার সমাধান হবে।’
পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর মহাব্যবস্থাপক আকমল হোসেন বলেন, ‘বিদ্যুতের ঘাটতি কিছুটা আছে। তবে এ ব্যাপারে কোনো তথ্য দিতে পারব না। আশা করি, ঘাটতি কমে যাবে।’