দীপেন দেওয়ানকে ফের মন্ত্রী করার দাবিতে মানববন্ধন, প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে পদটিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন। আজ সোমবার সকালে জেলা প্রশাসন কার্যালয়ের দক্ষিণ ফটকেছবি: প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও রাঙামাটি পার্বত্য আসনের সংসদ সদস্য দীপেন দেওয়ানকে আবার মন্ত্রী হিসেবে নিয়োগের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘রাঙামাটি পার্বত্য জেলার নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর দীপেন দেওয়ানকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। তবে মাত্র তিন মাসের মাথায় তিনি মন্ত্রিত্ব ছাড়েন। পার্বত্য অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানে সক্রিয় ও অভিজ্ঞ একজন ব্যক্তিকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।

মানবাধিকার কমিশনের সাবেক সদস্য ও রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা বলেন, ‘দীপেন দেওয়ান ছোটকাল থেকে নিরপেক্ষ আছেন। সবচেয়ে যোগ্যতম ব্যক্তিকে আমরা সংসদে পাঠিয়েছিলাম। তাঁকে মন্ত্রী করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছিলাম। কিন্তু তিন মাসের মাথায় পদত্যাগ করতে হলো। তাঁর মতো দ্বিতীয় ব্যক্তি নেই, যিনি পার্বত্য চট্টগ্রামের সমস্যাগুলো সমাধানে উদ্যোগী হবেন।’

জুম ইসথেটিক কাউন্সিলের সভাপতি ও শিক্ষাবিদ শিশির কান্তি চাকমা বলেন, ‘পার্বত্য চট্টগ্রামে এখন ক্রান্তিকাল চলছে। পাহাড়ি-বাঙালি সবাই শান্তি চায়। দীপেন দেওয়ান পার্বত্য অঞ্চলের আস্থাভাজন ছিলেন। তিনি অসুস্থতা দেখিয়ে পদত্যাগ করেছেন—এটা কেউ বিশ্বাস করে না। কৌশলে মন্ত্রিত্ব থেকে সরিয়ে নেওয়ার প্রবণতা আমরা দেখছি। তাঁকে দ্রুত পুনর্বহালের দাবি জানাই।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন সাবেক প্রধান শিক্ষক এস এম মঈন উদ্দীন, সাবেক যুগ্ম সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, মানবাধিকারকর্মী লুমা লুসাই, মাসস রাঙামাটি জেলা শাখার মংসুইপ্রু চৌধুরী, সমাজকর্মী মোহাম্মদ সাবের, সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরী, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রণজ্যোতি চাকমা, হেডম্যান অ্যাসোসিয়েশনের সহসভাপতি সুজিত দেওয়ান ও সমাজকর্মী রাবেয়া সুলতানা।

কর্মসূচিতে আইনজীবী, শিক্ষক, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান।