৬০০ একর খাসজমি দখল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে খাসজমি দখল ও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে সংবাদ সম্মেলন। শনিবার সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে
ছবি: প্রথম আলো

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে ৬০০ একর সরকারি খাস খতিয়ানের জমি দখল এবং ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। কিন্তু এসব বিষয়ে জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় ব্যক্তিদের। আইয়ুব আলী কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারী।

আজ শনিবার বেলা ১১টায় মুছাপুর ইউনিয়নের চৌধুরীর বাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও মুছাপুর ইউপির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম চৌধুরী। ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনের পর চেয়ারম্যান আইয়ুব আলীর বিরুদ্ধে স্থানীয় চৌধুরীর বাজারে বিক্ষোভ মিছিল করেন এলাকার কয়েক শ বাসিন্দা।

সংবাদ সম্মেলনে মুছাপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহফুজুল হক চৌধুরী, সাবেক ইউপি সদস্য ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবদিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, উপজেলা ভূমি প্রশাসনের লোকজন অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে উল্টো আইয়ুব আলীর বাহিনীর হাতে হামলার শিকার হন।

লিখিত বক্তব্যে নজরুল ইসলাম অভিযোগ করেন, আইয়ুব আলী গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর খাসজমি দখল শুরু করেন। জননেত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম ভাঙিয়ে লোকজনকে ভূমিহীন সাজিয়ে মুছাপুর ইউনিয়নের মুছাপুর ক্লোজারঘাট পর্যটন এলাকার সরকারি খাসজমি বন্দোবস্ত নেন তিনি। ওই জমি পরে ওইসব লোকের কাছে টাকার বিনিময়ে বিক্রি করেন। এ বিষয়ে স্থানীয় বিভিন্ন মহল থেকে প্রতিবাদ শুরু হলে উপজেলা ভূমি প্রশাসনের লোকজন সেখানে অবৈধ দখল উচ্ছেদ করতে গিয়ে উল্টো আইয়ুব আলীর বাহিনীর হাতে হামলার শিকার হন।

আইয়ুব আলী তাঁর লোকজনের মাধ্যমে প্রায় ৬০০ একর খাসজমি দখল করে নেন। শুধু তাই নয়, দখল করা ভূমিতে ভিটি তৈরি করে পাশের সুবর্ণচরসহ বিভিন্ন এলাকা থেকে আসা লোকজনের কাছে দাগপ্রতি ৭ থেকে ১০ লাখ টাকা করে বিক্রি করছেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ক্লোজারঘাট পর্যটন এলাকার খাসজমি দখল করেই আইয়ুব আলী ও তাঁর লোকজন ক্ষান্ত হননি। তিনি ও তাঁর লোকজনের মাধ্যমে মুছাপুরে ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি শুরু করেছেন।

সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন চেয়ারম্যান আইয়ুব আলী। প্রথম আলোকে তিনি বলেন, যিনি বা যাঁরা তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ উত্থাপন করেছেন, তাঁরা যদি একটি অভিযোগেরও প্রমাণ দিতে পারেন, তাহলে তিনি শুধু এলাকা নয়, বাংলাদেশ ছেড়ে চলে যাবেন।

সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম উল্লেখ করেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ইতিমধ্যে বাংলাবাজার-মুছাপুর ক্লোজার সড়ক, আশপাশের কয়েক হাজার একর কৃষিজমি, শতাধিক বসতবাড়ি ও এলাকার জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। এ ছাড়া বালু উত্তোলনের ফলে মাছের আবাস ও প্রজননস্থল বিনষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

নজরুল ইসলাম জানান, ক্ষয়ক্ষতির বিষয়টি উল্লেখ করে গত এপ্রিলে জেলা প্রশাসকের সঙ্গে দেখা করে তাঁর কাছে এলাকাবাসীর উদ্যোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। জেলা প্রশাসক বিষয়টি দেখবেন বলে তাঁদের আশ্বস্ত করলেও এখনো এ বিষয়ে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে আইয়ুব আলীর লোকজন আরও বেপরোয়াভাবে বালু উত্তোলনসহ এলাকায় নানা অপকর্ম করে যাচ্ছেন।