ফেসবুকে ছাত্রদল নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ পোস্ট, দল থেকে বহিষ্কার
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় নিজ ফেসবুক আইডিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়ায় ছাত্রদলের ইউনিয়ন কমিটির এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক (উজ্জ্বল) ও সদস্যসচিব শাহিন আলম (জনি) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ছাত্রদলের পাকুন্দিয়া উপজেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে সুখিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোনায়েম খানকে দলীয় প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিব এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন এবং সংগঠনের সব পর্যায়ের নেতা–কর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে মোনায়েম খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক বলেন, ফেসবুকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখে পোস্ট দেওয়া এবং সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়ায় মোনায়েম খানকে বহিষ্কার করা হয়েছে।