সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত গুদাম থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত একটি গুদাম থেকে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সোয়া ১০টার দিকে গোদনাইল সৈয়দপাড়া ক্যানেলপাড় বউবাজার এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপাড়া ক্যানেলপাড়ের বেলাল মসজিদের দক্ষিণ পাশে জাকির হোসেন নামের এক ব্যক্তির পরিত্যক্ত প্লাস্টিক গুদামের ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়াতে থাকে। দুর্গন্ধ পেয়ে স্থানীয় লোকজন গুদামের ভেতরে ঢুকলে মরদেহ দেখতে পান। পরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘মরদেহ পচে গলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ৩০ বছর হবে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।’