মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন চলায় বিদ্যালয়ে বন্ধ ছিল পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যালয়ের মাঠে হচ্ছে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন। ফলে বাড়ি ফিরে যাচ্ছে শিক্ষার্থীরা। মঙ্গলবার শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজে
ছবি: প্রথম আলো

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সদরে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার সরকারি পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ কারণে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শ্রেণিতে পাঠদান সম্ভব হয়নি।

আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যালয় মাঠে সম্মেলন উপলক্ষে মিছিল, স্লোগান ও সমাবেশ দেখে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।

ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের শিক্ষকেরা জানিয়েছেন, প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখায় এক হাজার শিক্ষার্থী রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩টি ভবনে পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম চলে। ভবন তিনটির সামনেই মাঠ। ওই মাঠে গতকাল সোমবার বিকেলে সম্মেলন করার জন্য প্যান্ডেল নির্মাণ করা হয়। সম্মেলন উপলক্ষে মাঠে লাগানো হয় ১০টি মাইক। আজ সকাল ৯টা থেকে নেতা-কর্মীরা মিছিল নিয়ে মাঠে জড়ো হতে থাকেন।

বেলা ১১টার দিকে সম্মেলন উদ্বোধন করেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির মানবসম্পদ–বিষয়ক সম্পাদক এম জুয়েল আহমেদ। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। এ ছাড়া আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা বক্তব্য দেন। এদিন ওই মঞ্চে একই সঙ্গে ভেদরগঞ্জ উপজেলা, পৌরসভা, নারায়ণপুর ইউনিয়ন, রামভদ্রপুর ইউনিয়ন, ছয়গাঁও ও মহিসার ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ১ হাজার ২০০ নেতা-কর্মী আসেন। তাঁদের খাবারের ব্যবস্থা করা হয় মাঠে।

সম্মেলনে সভাপতিত্ব করেন ভেদরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্না সিকদার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাহাদাৎ হোসেন। এ বিষয়ে জানতে চাইলে তাঁরা কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ভেদরগঞ্জ উপজলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল মান্নান হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘আমরা বিকল্প স্থানে সম্মেলন করার জন্য উপজেলা পরিষদের মাঠ চেয়েছিলাম। কিন্তু ইউএনও মহোদয় অনুমতি দেননি। অন্য কোথায়ও মাঠ না থাকায় ওই স্কুলের মাঠে সম্মেলন করতে হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন আবদুল্লাহ বলেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে সম্মেলন করার অনুমতি দেওয়া হয়নি। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও অনুমতি দেননি বলে শুনেছি। বিষয়টি নিয়ে আমরাও বিব্রতকর অবস্থায় পড়েছি।’

আজ বেলা ১১টার দিকে শিক্ষাপ্রতিষ্ঠানটির মাঠে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ও কলেজ শাখার শিক্ষার্থীরা বাড়ি ফিরে যাচ্ছে। অনেকে সম্মেলন মঞ্চের আশপাশে ঘোরাঘুরি করছে। শিক্ষকদের কক্ষ থেকে চেয়ার নিয়ে মঞ্চে ও প্যান্ডেলে বসানো হয়েছে। শ্রেণিকক্ষে অতিথিদের খাবার রাখা হয়েছে। মাঠের একপাশে অতিথিদের জন্য খাবার রান্না করা হচ্ছে। কিছুক্ষণ পরপর মিছিল নিয়ে কর্মী-সমর্থকেরা মাঠে প্রবেশ করছেন। ওই সময় স্কুল ও কলেজের শিক্ষকেরা শিক্ষক মিলনায়তনে বসে গল্প করছিলেন।

বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী শ্যামলা, নিঝুম ও মেহেরুন বলে, সকালে বিদ্যালয়ে এসে দেখে যে মাঠে অনুষ্ঠান হচ্ছে। মিছিল, স্লোগান ও মাইকের আওয়াজের কারণে তাদের পাঠদান করানো যায়নি। তাই বাধ্য হয়ে বাড়ি ফিরতে হয় তাদের।

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন উল্লেখ করে ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাঠে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন হওয়ার কারণে শিক্ষার্থীদের পাঠদান করানো যায়নি। কিন্তু বিদ্যালয় ছুটিও ঘোষণা করা হয়নি। ক্লাস করতে না পেরে শিক্ষার্থীরাই চলে গেছে। মাঠে সম্মেলন করার জন্য আমাদের কাছ থেকে কোনো অনুমতি কেউ নেয়নি। আমরা ভয়ে বাধা দিতে পারিনি।’