খুলনায় পত্রিকা কার্যালয়ে চাপাতি ও ছোরা নিয়ে দুর্বৃত্তদের হামলা
খুলনার স্থানীয় ‘দেশ সংযোগ’ পত্রিকা কার্যালয়ে দুর্বৃত্তরা হামলা করেছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ১টার দিকে ওই ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। তবে পত্রিকার সম্পাদকের কার্যালয়ের সামনের জানালা কুপিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া প্রধান ফটকের লোহার গেটেও কুপিয়েছে দুর্বৃত্তরা।
খুলনা নগরের সিমেন্ট্রি সড়কে (ফুলমার্কেটের পাশে) অবস্থিত দেশ সংযোগ কার্যালয়। হামলার সময় ওই অফিসে ছিলেন পত্রিকার স্টাফ রিপোর্টার মাহফুজ আলম। তিনি বলেন, হঠাৎ হট্টগোল শুনে বাইরে আসেন। এ সময় তাঁকে দেখে ধাওয়া দেন চাপাতি হাতে থাকা সন্ত্রাসীরা। ভয়ে তিনি ভেতরে চলে যান। সবার হাতে চাপাতি ও লম্বা ছোরা ছিল।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, পাঁচ থেকে ছয় যুবক হেলমেট ও মুখে কাপড় বেঁধে হাতে চাপাতি ও লম্বা ছোরা নিয়ে ওই পত্রিকার কার্যালয়ে প্রবেশ করছেন। এ সময় তাঁরা পত্রিকার অফিসের সামনের জানালা ভাঙচুর করে চলে যান। প্রধান সড়কের সামনের আরেকটি ক্যামেরার ফুটেজে দেখা যায়, চারটি মোটরসাইকেলে ওই সন্ত্রাসীরা এসে প্রধান ফটকের সামনে দাঁড়ান। এরপর পেছনে থাকা ব্যক্তিরা নেমে হাতে চাপাতি ও ছোরা নিয়ে হামলা করতে ভেতরে প্রবেশ করেন। তখন মোটরসাইকেল নিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে ছিলেন অন্যরা। সর্বোচ্চ দুই মিনিটের মধ্যে হামলা চালিয়ে আবার মোটরসাইকেলে করে পালিয়ে যান তাঁরা।
গত ১৪ এপ্রিল খুলনা নগরের জুয়া, মাদক ও দেহব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করেছিল পত্রিকাটি। পরদিন চার থেকে পাঁচজন অপরিচিত যুবক ওই পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলমকে গালাগালি করেন ও দেখে নেওয়ার হুমকি দেন। ওই ঘটনায় খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন সম্পাদক। এরপর আজ ওই হামলা হলো।
এ বিষয়ে দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মুন্সি মাহবুব আলম প্রথম আলোকে বলেন, ‘ওই সংবাদ প্রকাশ করার জন্যই এ সন্ত্রাসী হামলা চালানো হয়েছে বলে মনে করছি। হয়তো সামনে পেলে কুপিয়ে মেরে ফেলত ওই সন্ত্রাসীরা।’
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, ব্যাপারটি নিয়ে তদন্ত চলছে। বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে সন্ত্রাসীদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।