ডোবায় উল্টে যাওয়া বাসের নিচ থেকে ৩ দিন পর ভেসে উঠল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় সড়কের পাশে ডোবায় উল্টে যাওয়া একটি বাসের নিচ থেকে তিন দিন পর এক যুবকের লাশ ভেসে উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার শুভদিয়া এলাকায় শুকদাড়া-শুভদিয়া সড়কের পাশে মাছের ঘেরে লাশটি ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

লাশ উদ্ধার হওয়া যুবকের নাম মো. জুয়েল (৩৫)। তিনি খুলনার রূপসা উপজেলার মহিরবাড়ী এলাকার সেলিম রেজার ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে শুভদিয়া এলাকায় রাহাত পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের মাছের ঘেরের ডোবায় উল্টে যায়। এ সময় বাসের যাত্রীরা ভেতর থেকে বের হয়ে আসেন। তিন দিন পর আজ সোমবার সকালে ঘেরের পানিতে একজনের লাশ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে পরিচয় শনাক্ত করে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীমুজ্জামান বলেন, নিহত যুবকের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলার প্রক্রিয়া চলছে।