এক্সপ্রেসওয়েতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়ির পেছনে ধাক্কা, দুজনের মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে মালবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে অন্য একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক ও তাঁর সহকারীর মৃত্যু হয়।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার নিমতলা আন্ডারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন পিকআপের চালক মো. সুজন (৩৭) ও চালকের সহকারী মো. ইছারুল (২৫)।
স্থানীয় লোকজন ও শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকার রাতে কাঁচামাল বোঝাই করে পিকআপটি যশোর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। রাত দুইটার দিকে পিকআপটি এক্সপ্রেসওয়ের সিরাজদিখানের নিমতলা আন্ডারপাসে আসামাত্রই নিয়ন্ত্রণ হারায়। সে সময় পিকআপটি অন্য একটি গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পিকআপটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পিকআপের চালক মারা যান। পরে শ্রীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
শ্রীনগর ফায়ার স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন আজ সোমবার সকালে প্রথম আলোকে বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেন। দুজনের মরদেহ ও দুর্ঘটনাকবলিত পিকআপটি হাসাড়া হাইওয়ে থানায় আছে।’