নারায়ণগঞ্জের আড়াইহাজার
সড়কজুড়ে খানাখন্দ, ৩ বছর ধরে ভোগান্তি
সড়কটির অবস্থা যাচ্ছেতাই হলেও সংস্কার করা হচ্ছে না। তাতে ভোগান্তি পোহাতে হচ্ছে ওই এলাকার হাজারো মানুষকে।
সড়কটির কোথাও পিচ উঠে গেছে, কোথাও তৈরি হয়েছে বড় গর্ত। বর্ষায় সেসব গর্ত কাদাপানিতে ডুবে থাকে, শীতে ধুলায় ছেয়ে যায় পুরো সড়ক। সেই সড়ক ধরেই দিনের পর দিন দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারীরা। নারায়ণগঞ্জের আড়াইহাজারের সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখি বাজার থেকে দুপ্তারা ইউনিয়নের কালীবাড়ি পর্যন্ত তিন কিলোমিটার দীর্ঘ সড়কটির অবস্থা যাচ্ছেতাই হলেও গত তিন বছরেও সংস্কার হয়নি। এতে ভোগান্তিতে পড়েছে ওই এলাকার হাজারো মানুষ।
এমন সড়কে চলতে গিয়ে শিক্ষার্থীদের বেশি ভোগান্তি পোহাতে হয় বলে জানালেন ওই এলাকার রহমতপুর দারুল উলুম রাহমানিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জুনাইদ। প্রথম আলোকে তিনি বলেন, ‘বাচ্চারা খুবই ঝুঁকি নিয়ে এই সড়কে চলাচল করে। সড়ক বেশি খারাপ হওয়ায় বর্ষাকালে অনেক শিক্ষার্থী মাদ্রাসাতেই আসে না। এখন তো (শীতকালে) রাস্তায় হাঁটলে পুরো শরীর বালুতে মাখামাখি হয়ে যায়। সড়কটির কারণে আমরা খুব কষ্টে আছি।’
সম্প্রতি সড়কটিতে সরেজমিনে দেখা যায়, পাঁচরুখি বাজার থেকে কালীবাড়ি পর্যন্ত সড়কটির প্রায় পুরো অংশেই খানাখন্দ। সড়কের অধিকাংশ জায়গার পিচ ও ইটের খোয়া উঠে গেছে। বড় বড় গর্ত তৈরি হয়েছে। কোথাও কোথাও গর্তগুলোতে ভাঙা ইট ফেলা হয়েছে। সড়কে সেসব ইট ছড়িয়ে-ছিটিয়ে থাকায় তা ভোগান্তি আরও বাড়িয়েছে। এর মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইক, রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন। ভারী যানবাহন চলাচল করলেই ইটের গুঁড়া ও ধুলায় ছেয়ে যাচ্ছে সড়ক ও এর আশপাশের এলাকা।
স্থানীয় বাসিন্দা, ট্রাকচালক, রিকশাচালক ও পথচারীদের সঙ্গে কথা বলে জানা যায়, বাটিক কাপড়ের জন্য বিখ্যাত বান্টি ও পাঁচরুখি বাজার থেকে আড়াইহাজার সদরে যাতায়াতের জন্য সড়কটি ব্যবহৃত হয়। সাতগ্রাম ও দুপ্তারা ইউনিয়নের লোকজন বাধ্যতামূলকভাবেই প্রতিদিন সড়কটি ব্যবহার করে। সড়কটির পাশে একটি প্রাথমিক বিদ্যালয়, তিনটি মাদ্রাসা ও একটি কলেজ রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য এই সড়কই একমাত্র ভরসা।
এ ছাড়া দুপ্তারা এলাকার দুটি টেক্সটাইল মিলের হাজারো শ্রমিক প্রতিদিন সড়কটি ব্যবহার করেন। সব মিলিয়ে প্রতিদিন গড়ে অন্তত ২৫ হাজার পথচারী সড়কটি ব্যবহার করেন। নিয়ম না মেনে বিভিন্ন কলকারখানার ভারী যানবাহন চলাচলের কারণে গুরুত্বপূর্ণ সড়কটি প্রায় তিন বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে আছে। ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুতই সড়ক সংস্কার করে ভারী যানবাহন চলাচল বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
এই সড়কে চার বছর ধরে রিকশা চালান নাজিম মিয়া। বেহাল সড়কে চলতে গিয়ে এ পর্যন্ত তিনি দুবার যাত্রীসহ রিকশা নিয়ে উল্টে পড়েছেন। গত বর্ষায় সড়কের গর্তে জমে থাকা পানিতে তাঁর রিকশা উল্টে গিয়ে এক নারী পথচারী পা ভেঙেছেন।
গির্দা এলাকার মুদিদোকানি কামাল মিয়াও একই কথা জানালেন। সড়কের পাশে দোকান হওয়ায় বেহাল সড়ক নিয়ে শীতকালে বেশি ভোগান্তি পোহাতে হয় তাঁকে। কামাল মিয়া বলেন, ‘ভাঙা রাস্তায় বড় বড় ট্রাক চলে। বর্ষায় যেমন তেমন, শীতকাল আসতেই ভাঙা রাস্তার ধুলার কারণে দোকানে বসা যায় না। দোকানের সবকিছু ধুলায় মাখামাখি হইয়া যায়।’
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম দুপ্তারা ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা। তাঁর ছোট ভাই নাজমুল ইসলাম ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান। সড়কটির বিষয়ে জানতে তাঁর মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করে এবং হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।
সড়কটির সংস্কার বিষয়ে জানতে চাইলে আড়াইহাজার উপজেলা প্রকৌশলী মো. আরিফুর রহমান বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ সড়ক। সংস্কারের অভাবে স্থানীয় বাসিন্দাদের কিছুটা ভোগান্তি পোহাতে হয়েছে। এরই মধ্যে সড়কটির সংস্কারে টেন্ডার হয়েছে।