নারায়ণগঞ্জে আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টাঙিয়ে স্লোগান
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আগুনে পুড়িয়ে দেওয়া নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ দলটির সমর্থকেরা। আজ বুধবার বেলা দুইটার দিকে শহরের দুই নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভিডিওতে দেখা যায়, দুপুরে পরিত্যক্ত অবস্থায় থাকা জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে ৫-৭ জন সমর্থক একটি ব্যানার টাঙান। এ সময় তাঁরা ‘নারায়ণগঞ্জের মাটি, শেখ হাসিনার ঘাঁটি’, ‘শেখ হাসিনা আসছে, নারায়ণগঞ্জ হাসছে’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দেন। সেখানে স্থানীয় পরিচিত আওয়ামী লীগ-যুবলীগের কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার কিছু সময় পর বিএনপির একদল নেতা-কর্মী সেখানে গিয়ে ব্যানারটি খুলে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে যায়।
সরকার ও বিএনপিকে বেকায়দায় ফেলার জন্য নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে এটা করেছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ। তিনি প্রথম আলোকে বলেন, বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। তারা ব্যানার খুলে নিয়েছে। এ ঘটনায় জড়িত নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি এবং কোনো ব্যানারও দেখা যায়নি।