অটোরিকশা চুরি করতে গিয়ে সিঁধ কেটে ঘরে ঢুকে হত্যা, আদালতে একজনের জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল জেলার মানচিত্র

টাঙ্গাইলে সিঁধ কেটে ঘরে ঢুকে অটোরিকশাচালক আলম মিয়াকে (৪৫) গলা কেটে হত্যার ঘটনায় গ্রেপ্তার এক আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ওই আসামির নাম আনিসুর রহমান খান (৩২)। তিনি আজ শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

আনিসুর তাঁর জবানবন্দিতে জানান, ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করতে গিয়েই সিঁধ কেটে ঘরে ঢুকে আলম মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। কিন্তু এ সময় পাশের বাড়ির মানুষ জেগে ওঠার শব্দ পেয়ে তাঁরা অটোরিকশাটি ছিনতাই না করেই পালিয়ে যান।

আদালত পরিদর্শক তানভীর আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সন্ধ্যায় আনিসুরের জবানবন্দি নেওয়া শেষ হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম ইসমত আরা তাঁর জবানবন্দি লিপিবদ্ধ করেন। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের (উত্তর) উপপরিদর্শক মনির হোসেন জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সুনটিয়া গ্রামের অটোরিকশাচালক আলম মিয়াকে গত বৃহস্পতিবার দুষ্কৃতকারীরা গলা কেটে হত্যা করে। পরে আলম মিয়ার বোন কামরুন্নাহার বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আনিসুরের স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় জড়িত আরও পাঁচজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে।

গোয়েন্দা পুলিশ জানায়, এই হত্যায় জড়িত থাকার অভিযোগে আনিসুর রহমান খান নামক একজনকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করা হয়। আনিসুর সুনটিয়া গ্রামের হারুন খানের ছেলে। জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন এবং হত্যায় তাঁর সহযোগীদের নাম প্রকাশ করেন। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় ব্যবহৃত শাবল ও দা উদ্ধার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী হত্যায় জড়িত মো. রায়হান (১৯), খায়রুল (১৯), আব্বাস (৪০), হ‌ুমায়ূন (৪৯) ও মো. সজলকে (২৫) এই পাঁচজনকে আজ গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের সবার বাড়ি ঘাটাইলের সুনটিয়া গ্রামে।

তদন্তকারী কর্মকর্তা মনির হোসেন জানান, আজ গ্রেপ্তার হওয়া পাঁচজনকে আগামীকাল রোববার আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে।