নাটোরে যুবদল নেতার পারিবারিক অনুষ্ঠানে আ.লীগের বাধা, পরে হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোর জেলার মানচিত্র

নাটোরে যুবদল নেতার ছেলের জন্মদিনের অনুষ্ঠানে আওয়ামী লীগের কর্মীরা হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজার মোড়ে হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের নেতা–কর্মীরা সংঘর্ষে জড়ান। এ ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে আজ সোমবার বিকেলে নাটোর থানায় মামলা হয়েছে। তবে মামলার আসামি ও বাদীর নাম প্রকাশ করেনি পুলিশ।

বিএনপির নেতা–কর্মীদের ভাষ্য, গতকাল রাতে আমিরগঞ্জ বাজার মোড়ে ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহীন আলমের ছেলের জন্মদিন উপলক্ষে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণ করা হয়। সেখানে স্থানীয় যুবদলের নেতা–কর্মীসহ জেলা ও উপজেলা বিএনপির নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে অংশগ্রহণ করেন। রাত আটটার দিকে হঠাৎ করে আওয়ামী লীগের স্থানীয় কিছু কর্মী সেখানে গিয়ে অনুষ্ঠানে বাধা দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের কর্মীরা অনুষ্ঠানে বাধা দিলে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে তাঁদের সঙ্গে হাতাহাতি হয়। পরে আওয়ামী লীগের কর্মীরা সেখান থেকে ফিরে যান। রাত নয়টার দিকে আওয়মী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীরা লাঠিসোঁটা নিয়ে অনুষ্ঠানস্থলে গিয়ে বিএনপি নেতা–কর্মীদের ওপর হামলা করেন। এ সময় অনুষ্ঠানের মঞ্চ, প্যান্ডেল ও আমিরগঞ্জ বাজারের দুটি দোকান ভাঙচুর করা হয়। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে দুই পক্ষের অন্তত নয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। আজ সোমবার দুপুর পর্যন্ত ওই গ্রামে পুলিশি পাহারা রয়েছে।

অনুষ্ঠানের আয়োজক শাহীন আলম বলেন, তিনি তাঁর ছেলের জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। এ উপলক্ষে উপজেলা ও জেলা পর্যায়ের নেতাদের দাওয়াত করেছিলেন। অনুষ্ঠানে অতিথিরা খাওয়াদাওয়া করছিলেন—এমন সময় আওয়ামী লীগের লোকজন হামলা চালান। এতে তাঁদের ছয়জন আহত হয়েছেন। হামলায় বিএনপির কর্মীদের ছয়টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। অনুষ্ঠানের সবকিছু তছনছ করে দেওয়া হয়েছে। এটা কোনো রাজনৈতিক কর্মসূচি ছিল না বলে তিনি দাবি করেন।

তবে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বলেন, প্রকৃতপক্ষে জন্মদিনের অনুষ্ঠানের আড়ালে সেখানে বিএনপি কর্মিসভা করছিল। আওয়ামী লীগের লোকজন সেখানে খোঁজখবর নিতে গেলে বিএনপির নেতা–কর্মীরা আওয়ামী লীগের চারজনকে মারধর করে। এ ঘটনায় মামলা করা হয়েছে।

নাটোর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, গতকাল রাতের ওই ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা হয়েছে। বিএনপির পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি। ঘটনাস্থল থেকে পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।

গতকাল রাতে কী ঘটেছিল, জানতে চাইলে আবুল কালাম আজাদ বলেন, যে উপলক্ষেই হোক, সেখানে বিএনপির অনেক নেতা–কর্মী জড়ো হওয়ায় আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সেখানে সংঘর্ষ হয়।