জামালপুরে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিলের পানিতে ডুবে তিন বছরের এক মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মেয়েটির নাম নুসরাত জাহান। সে সাধুরপাড়া ইউনিয়নের বিলের পাড় এলাকার লিটন মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে নুসরাত প্রতিবেশী কয়েক শিশুর সঙ্গে বাড়ির পাশে বিলের পাড়ে যায়। অন্য শিশুরা তার চেয়ে বয়সে বড়। তারা বিলের পানিতে নামে। নুসরাতও পানিতে নেমে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। ঘণ্টাখানেক পর তার লাশ পানিতে ভেসে ওঠে। পরে স্থানীয় লোকজন মেয়েটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পানিতে ডুবে শিশুটির মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বকশীগঞ্জের কামালের বার্ত্তী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. খায়রুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।