চাঁদপুরে বিদ্যালয়ের একই শাখায় পড়া যমজ ভাই-বোন পেল জিপিএ-৫
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে যমজ ভাই-বোন আহাদ খান ও লামিয়া আক্তার। উপজেলার আলহাজ তোফাজ্জল হোসেন ঢালী উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এই ফলাফল করে তারা।
আহাদ ও লামিয়া উপজেলার পাঁচগড়িয়া গ্রামের ব্যবসায়ী হেলাল উদ্দিন খান ও গৃহিণী ফারজানা আক্তার দম্পতির সন্তান। একই পরিবারের যমজ দুই ভাই-বোনের এমন সাফল্যে স্বজন ও বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থীরা খুশি।
আহাদ ও লামিয়া একই বিদ্যালয়ের একই শাখায় পড়াশোনা করেছে। এবার একসঙ্গে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে তারা আনন্দিত বলে জানায়। এই সাফল্যের জন্য তারা বিদ্যালয়ের শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে তারা চিকিৎসক হতে চায়।
আহাদ ও লামিয়ার বাবা মো. হেলাল উদ্দিন খান বলেন, একসঙ্গে জন্ম, বেড়ে ওঠা এবং একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়েছে তাঁর দুই সন্তান। দুজনই জিপিএ-৫ পাওয়ায় পরিবারের সবাই আনন্দিত। সন্তানদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
আহাদ ও লামিয়া একই বিদ্যালয়ের একই শাখায় পড়াশোনা করেছে। ভবিষ্যতে তারা চিকিৎসক হতে চায়।
যমজ দুই শিক্ষার্থী জিপিএ-৫ পাওয়ায় আনন্দিত বলে জানান বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম। এবার তাঁর বিদ্যালয়টি থেকে ৯৯ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৭৫ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৮ জন। পাসের হার ৭৫ দশমিক ৭৫ শতাংশ।
আহাদ ও লামিয়া ছাড়াও একই উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ নামে দুই যমজ ভাই–বোন জিপিএ-৫ পেয়েছে। তারা উপজেলার কেএফটি কলেজিয়েট স্কুল থেকে পরীক্ষায় অংশ নেয়।