যশোর পৌরসভা
৮২টি সড়ক বেশি বেহাল
সড়কের সঙ্গে পয়োনিষ্কাশন নালার ভালো ব্যবস্থা নেই। জলাবদ্ধতা শহরের আরেকটি বড় সমস্যা। বৃষ্টির পানি জমে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে।
যশোর-খুলনা জাতীয় মহাসড়কের মুড়ুলী মোড়সংলগ্ন জোড়া শিবমন্দির থেকে এক কিলোমিটার ইট বিছানো একটি সড়ক যশোর-ঝিনাইদহ বাইপাস মহাসড়কে সংযুক্ত হয়েছে। পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের অন্তত পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ এই সড়ক দিয়ে চলাচল করে। কিন্তু সড়কটি বেহাল হওয়ার কারণে লোকজনকে বেশি ঘুরে অন্য রাস্তা দিয়ে চলাচল করতে হয়।
শুধু ইট বিছানো সড়কটি নয়, যশোর পৌর এলাকার প্রধান কয়েকটি সড়ক বাদে অন্যগুলো বেহাল হয়েছে আছে। এর মধ্যে অন্তত ৮২টি সড়কের অবস্থা অত্যন্ত নাজুক। নাগরিক সুবিধা বঞ্চিত হচ্ছে মানুষ।
যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, বেহাল ৮২টি সড়কের মধ্যে ১০টি সড়ক সংস্কারের জন্যে ইতিমধ্যে ৮ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। অন্য ৭২টি সড়ক সংস্কারসহ সড়কের সঙ্গে নালা ও বাতি বসানোর জন্য প্রায় ১০০ কোটি টাকা ব্যয় প্রস্তাবনা দিয়ে মিউনিসিপ্যাল গভর্নেন্স সার্ভিসেস প্রজেক্ট (এমজিএসপি) শিরোনামে একটি প্রকল্প একনেকে ওঠার পর্যায়ে রয়েছে।
সম্প্রতি গিয়ে দেখা যায় মুড়ুলী জোড়া শিবমন্দির থেকে যশোর-ঝিনাইদহ বাইপাস মহাসড়কে সংযুক্ত হওয়া ইট বিছানো সড়কটি অত্যন্ত বেহাল। জোড়া মন্দির থেকে সড়কে প্রবেশের মুখে সরকারি খাস জমিতে একটি পুকুর রয়েছে। ওই পুকুরের মধ্যে সড়কের একটি অংশ ধসে গেছে। ১৮ ফুট প্রস্থের সড়কটি এখন ১০ ফুটের মতো হয়ে গেছে। ফলে পাশাপাশি দুইটি রিকশা যেতে পারে না। সড়কের অধিকাংশ জায়গায় ইট উঠে চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে।
এই সড়কের পাশের বাসিন্দা অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা এ বি এম মাহাবুব হাসান বলেন, সড়ক ধসে পুকুরের ভেতর চলে গেছে। ফলে রাস্তা সরু হয়েছে। কয়েক দিন আগে একটি পিকআপ ভ্যান উল্টে পড়ে ওই পুকুরে। পরে ক্রেন দিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। এই সড়ক দিয়ে যশোর সদর উপজেলার বলাডাঙ্গা, কাজীপুর, সন্ন্যাসী দিঘির পাড়া, শ্রীকণ্ঠনগর ও মুড়ুলী এলাকার মানুষ যাতায়াত করে। এলাকার শিশু শিক্ষার্থীরাও এ পথ দিয়ে কষ্টে যাতায়াত করে। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানাচ্ছি।’
শহরের বেজপাড়া চোপদারপাড়া সড়কটি বেজপাড়া তালতলা মোড় থেকে শুরু হয়ে সরকারি হাঁস–মুরগির খামারের সামনে রেল সড়ক, শংকরপুর রেললাইন ও কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে সড়কটি সংযুক্ত হয়েছে। এই সড়কে বিটুমিনের আস্তরণ উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।
সড়কটি সংস্কারের দাবিতে মাস দুয়েক আগে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ মিছিল করেন। গণস্বাক্ষর–সংবলিত স্মারকলিপি পৌরসভার মেয়রের কাছে দেওয়া হয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ওই এলাকার বাসিন্দা জিল্লুর রহমান বলেন, যশোর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহরে প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ বাইপাস সড়ক এটি। জেলা
আনসার-ভিডিপি ক্যাম্প (কার্যালয়), যশোর কলেজ ও যশোর মেডিকেল কলেজে যাতায়াতের জন্য এই সড়কটি গুরুত্বপূর্ণ। মাত্র পৌনে এক কিলোমিটার দীর্ঘ চোপদারপাড়া সড়কে পয়োনিষ্কাশনের
জন্যও নালার ভালো ব্যবস্থা নেই। দুই যুগের মধ্যে এই সড়ক সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি পৌরসভা কর্তৃপক্ষ।
খড়কি এলাকার শাহ আবদুল করিম সড়কে গিয়ে দেখা গেছে, এই সড়কে সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের প্রধান ফটকের (দক্ষিণ গেট) পাশে খড়কি মোড়ে হাঁটু সমান পানি জমে রয়েছে। পায়ের জুতা হাতে নিয়ে মানুষকে ওই অংশ পারাপার হতে হচ্ছে। পানি জমার কারণে সড়কের বিটুমিনের আস্তরণ উঠে খানাখন্দের সৃষ্টি হয়েছে।
যশোর পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর এলাকায় মোট ২৮৭ কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে বিটুমিনের কার্পেটিং ১৭৬, সিমেন্ট-বালুর ঢালাই ৩০, ইট বিছানো ৫১ ও মাটির কাঁচা সড়ক রয়েছে ৩০ কিলোমিটার। এ ছাড়া সড়কের সঙ্গে পয়োনিষ্কাশন নালা রয়েছে মোট ২৫২ কিলোমিটার। এর মধ্যে আরসিসি (রড, ইট ও সিমেন্ট) ৫৫ ও ইটের তৈরি ৬১ কিলোমিটার নালা রয়েছে।
নাগরিক অধিকার আন্দোলন যশোরের সমন্বয়কারী মাসুদুজ্জামান মিঠু বলেন, যশোর পৌর শহরের অধিকাংশ সড়ক চলাচলের অনুপযোগী। সড়কের সঙ্গে পয়োনিষ্কাশন নালার ভালো ব্যবস্থা নেই। জলাবদ্ধতা শহরের আরেকটি বড় সমস্যা। বৃষ্টির পানি জমে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। নাগরিক সুবিধা পাওয়া থেকেও শহরবাসী বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে মেয়র হায়দার গণী খান বলেন, ‘পৌরসভার নিজস্ব তহবিলে কোনো টাকা নেই। সরকারি বরাদ্দ পেয়েই তো উন্নয়নকাজ করতে হয়। ইতিমধ্যে শহরের পয়োনিষ্কাশন নালাসহ ১০টি সড়ক সংস্কারের জন্য ৮ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়েছে। যেসব সড়কে যুগ যুগ ধরে কোনো কাজ হয়নি। এখন সেসব সড়ক সংস্কার করা হবে। এ ছাড়া শহরের অন্য রাস্তা ও নালা সংস্কার ও নির্মাণের জন্য এমজিএসপি প্রকল্পের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে ওই প্রকল্প পাস হবে বলে আশা করছি।’