নেত্রকোনায় নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে একজনের লাশ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় কংস নদে নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে মাহবুব মিয়া (১৪) নামের এক কিশোরের লাশ পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার কংস নদের ডেউটুকোন এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় লোকজন।

মৃত মাহবুব মিয়া দুর্গাপুর উপজেলার ডেউটুকোন গ্রামের রেনু মিয়ার ছেলে। নিখোঁজ একজনের নাম সোহাগ মিয়া (১৬)। সে পূর্বধলার মারকান্ডা এলাকার সাহেব উদ্দিনের ছেলে। নিখোঁজ অপরজনের পরিচয় জানা যায়নি। গতকাল বুধবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে পূর্বধলা উপজেলার জামতলা বাজার ও দুর্গাপুর উপজেলার মুচারবাড়ি ফেরিঘাটের নদের মাঝামাঝি স্থানে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হন।

পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ফারুক মিয়া বলেন, এই ফেরিঘাট দিয়ে নৌকায় করে লোকজন নিয়মিত নদ পার হন। গতকাল বুধবার জামতলা বাজারে সাপ্তাহিক হাট বসেছিল। এ জন্য নদ পারাপারে যাত্রীদের চাপ বেশি ছিল। সন্ধ্যা পৌনে ৬টার দিকে জামধলা ফেরিঘাট থেকে প্রায় ২০ জন লোক নিয়ে নৌকাটি ছেড়ে যায়। নদের মাঝামাঝি অংশে স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন নিখোঁজ হন। এর মধ্যে আজ সকালে একজনের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অন্য দুজনের সন্ধান আজ বেলা ১১টা পর্যন্ত  পাওয়া যায়নি।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাজীব উল আহসান বলেন, নৌকাডুবিতে নিখোঁজ তিনজনের মধ্যে এক কিশোরের লাশ উদ্ধার করে আজ সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ অন্য দুজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্য, পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন কাজ করছেন।