টিকে থাকতে লঞ্চ কমিয়ে রোটেশন প্রথা চালুর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল–ঢাকা নৌপথে লঞ্চ কমিয়ে রোটেশন প্রথা চালুর সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা। আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে
ফাইল ছবি

পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চগুলোতে আশঙ্কাজনক হারে যাত্রী কমে গিয়েছিল। লঞ্চের যাত্রীসংকট মেটাতে মালিকপক্ষ কেবিন ও ডেকের ভাড়া কমিয়ে ঘাটতি পূরণের চেষ্টা করেছিল। কিন্তু জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় অবস্থা আরও জটিল হয়ে যায়। যাত্রী থাকলেও ব্যয় মিটিয়ে লাভের মুখ দেখা দুরূহ হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

লঞ্চমালিকদের সংগঠন অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থার কেন্দ্রীয় সভাপতি মাহবুব উদ্দিন আহমদ বীর বিক্রম মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করে বলেন, আগামীকাল বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

আজ মঙ্গলবার সকালে সংস্থাটি ঢাকায় এক বৈঠক করে এ সিদ্ধান্ত নেয়। ঢাকার পুরানা পল্টনের দারুস সালাম আর্কেডের পঞ্চম তলায় সংস্থাটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যাপের চেয়ারম্যান মাহবুব উদ্দিন আহমদ। সভায় সংস্থাটির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জমান, ঢাকা নদীবন্দর নৌ চলাচল ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক মো. মামুন অর রশিদ উপস্থিত ছিলেন। সভায় ঢাকা-বরিশাল নৌপথে চলাচলকারী লঞ্চের মালিকেরা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় ঢাকা-বরিশাল নৌপথে এখন থেকে প্রতিদিন ঢাকার সদরঘাট থেকে তিনটি ও বরিশাল নদীবন্দর প্রান্ত থেকে তিনটি লঞ্চ চলাচল করবে। এ জন্য এই নৌপথে চলাচলকারী ১৮টি লঞ্চকে ৬টি গ্রুপে ভাগ করে রোটেশন প্রথা চালু করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলো ভোর পাঁচটার আগে বরিশাল নদীবন্দরে পৌঁছাতে হবে এবং বরিশাল নদীবন্দর থেকে ছেড়ে আসা লঞ্চগুলো সকাল ছয়টার আগে ঢাকার সদরঘাট নদীবন্দরে পৌঁছাতে হবে। পথিমধ্যে কোনো লঞ্চ অন্য কোনো লঞ্চকে ওভারটেক করতে পারবে না। এ সিদ্ধান্তে একমত পোষণ করে ১৮টি লঞ্চের ১০ মালিক যৌথ স্বাক্ষর করেছেন।

ঢাকা-বরিশাল নৌপথে প্রতিদিন ৯টি লঞ্চ চলাচলের অনুমতি থাকলেও এত দিন ৬ থেকে ৭টি লঞ্চ চলাচল করত। পদ্মা সেতু চালুর ফলে যাত্রী কমে যাওয়ায় এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে ব্যয় বেড়ে যাওয়ায় এবার লঞ্চ কমিয়ে রোটেশন প্রথা চালু হলো।

বরিশাল যাত্রী অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ প্রথম আলোকে বলেন, এ সিদ্ধান্ত মালিকদের অতিরিক্ত মুনাফা দেবে ঠিক। কিন্তু যাত্রীদের ওপর ভাড়ার চাপ বাড়াবে এবং সুবিধা সংকুচিত হবে। আগেও মালিকেরা ৯টি লঞ্চের স্থলে ৬টি চালাতেন। তখনো অঘোষিত রোটেশন প্রথা ছিল। এখন জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির অজুহাতে লঞ্চের সংখ্যা আরও কমিয়ে দেওয়ায় যাত্রীরা ভোগান্তিতে পড়বে।