বগুড়ার আদমদীঘিতে সান্তাহার সাইলো সড়ক বেহাল হয়ে আছে। সাড়ে তিন কিলোমিটার সড়কের বেশির ভাগ স্থানে ইট-খোয়া ওঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে সাইলোতে (খাদ্যগুদাম) পণ্য পরিবহনে যানবাহন চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে।
সান্তাহারে দুটি ৫০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন দুটি সাইলো (একটি গম ও একটি চাল) ও ২৫ হাজার মেট্রিক টন ধারণক্ষমতাসম্পন্ন একটি সারের গুদাম রয়েছে। সাইলো থেকে সান্তাহার শহরের খাড়ির ব্রিজের দূরত্ব সাড়ে তিন কিলোমিটার। ওই সড়কের বেশির ভাগ স্থানে ইট ও খোয়া উঠে গর্তের সৃষ্টি হয়েছে। ওই সড়কে মালপত্র পরিবহনের জন্য অসংখ্য ট্রাক চলাচল করে। এ ছাড়া এই সড়ক দিয়ে সান্তাহার পৌর শহর, সান্তাহার ইউনিয়ন ও আদমদীঘি সদর ইউনিয়নের প্রায় ২৫টি গ্রামের মানুষ যাতায়াত করে।
সড়কটি খাদ্য বিভাগের অধীন। ২০১৭ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সান্তাহারে নতুন একটি সাইলো (খাদ্যগুদাম) উদ্বোধনের জন্য আসেন। তখন সড়কটি আংশিক সংস্কার করা হয়। এরপর প্রায় সাত বছর পার হলেও সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই।
সান্তাহার শহরের ট্রাক মালিক নুর ইসলাম বলেন, সাইলো ও সার গুদামে মালামাল পরিবহনের জন্য ওই সড়ক দিয়ে অসংখ্য ট্রাক চলাচল করে। বর্তমানে সাইলো সড়কের যে দশা, তাতে করে কোনো ট্রাক মালিক ওই সড়কে চালানোর জন্য ট্রাক দিতে চান না। চালকেরাও ওই সড়ক দিয়ে ট্রাক চালাতে আগ্রহী নন।
আরেক ট্রাকচালক সোহাগ হোসেন বলেন, সাইলো সড়কের চার ভাগের তিন ভাগ নষ্ট হয়ে গেছে। মালামালবোঝাই ট্রাক ওই সড়ক দিয়ে নিয়ে যেতে অনেক কষ্ট হয়।
পার্শ্ববর্তী দমদমা গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম বলেন, ২০ থেকে ২৫টি গ্রামের মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করেন। বর্তমানে সড়কের যে হাল হয়েছে, তাতে কোনো যানবাহন সাইলো সড়ক দিয়ে যেতে চায় না। কিন্তু এসব গ্রামের মানুষের সান্তাহার শহরে যাতায়াতের জন্য বিকল্প কোনো সড়ক নেই।
সান্তাহার নাগরিক কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ মোসলেম উদ্দীন বলেন, তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থাকা সত্ত্বেও কেন সড়কটি সংস্কার করা হচ্ছে না, তা কারও বোধগম্য নয়। তিনি দ্রুত সড়কটি সংস্কারের জন্য খাদ্য বিভাগের প্রতি আহ্বান জানান। সান্তাহার সাইলোর অধিক্ষক শাহারিয়ার মো. সালাউদ্দীন প্রথম আলোকে বলেন, ‘সাইলো সড়কের বেহাল অবস্থার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি, অচিরেই কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের উদ্যোগ নেবে।’