পাথরঘাটায় চুরির অপবাদে দুই তরুণকে মারধর ও চুল কেটে দিলেন স্থানীয়রা
বরগুনার পাথরঘাটায় একটি দোকানের মালামাল চুরির ঘটনায় দুই তরুণকে লাঠি দিয়ে পিটিয়ে তাঁদের মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার রূহিতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। পরে তাঁদের দুজনের হাত বেঁধে স্থানীয় পাথরঘাটা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আলমগীর হোসেন ওই দুই তরুণকে পুলিশে হস্তান্তর করেন।
মারধরের শিকার ওই দুই তরুণ বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের বাসিন্দা।
তবে ওই দুই তরুণের পরিবারের অভিযোগ, পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থেকে এক তরুণ (২১) ও আরেক তরুণকে (২০) ধরে নিয়ে রূহিতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে তাঁদের পাঁচ–ছয়জন লাঠি দিয়ে পেঠান। পেটানোর একপর্যায়ে এক তরুণের মাথার একাংশের চুল ব্লেড দিয়ে কেটে দেন জাকির খান। একই সঙ্গে আরেক তরুণের মাথার একাংশের চুল কেটে দেন ফোরকান মোল্লা। ওই দুই তরুণকে মারধর ও চুল কাটার দৃশ্য স্থানীয় উৎসুক লোকজন ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেন। এর আগে ওই স্কুলের মাঠে দুই তরুণকে লাঠি দিয়ে পেটান জাকির খান, ফোরকান মোল্লা, তরিকুল ইসলাম ও রনি মোল্লা। এ সময় স্থানীয় পাথরঘাটা সদর ইউপির সদস্য মোহাম্মদ রেজওয়ানসহ তিন শতাধিক লোক উপস্থিত ছিলেন।
জানতে চাইলে ইউপি সদস্য রেজওয়ান প্রথম আলোকে বলেন, ‘ঘটনার শেষ দিকে আমি উপস্থিত ছিলাম। তবে এত লোকের মধ্যে কারা তাঁদের চুল কেটেছেন, তা আমি বলতে পারব না। মারধরের ঘটনা দেখে ইউপির চৌকিদারকে খবর দিয়েছিলাম, চৌকিদার এসে তাঁদের নিয়ে গেছেন।’
চুরি হওয়া দোকানের মালিক জসিম হাওলাদার বলেন, মনোহরি দোকানের মালামালসহ প্রায় ১ লাখ ২৫ হাজার টাকার মালামাল চুরি হয়েছে। ওই মালামালসহ তাঁদের পাথরঘাটা পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ড থেকে আটক করেন স্থানীয় লোকজন।
ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, ‘স্কুলের মাঠে বসে জনগণ গণধোলাই দিয়ে আমার কাছে নিয়ে এসেছেন। আমি পুলিশের কাছে হস্তান্তর করেছি। তবে কারা তাঁদের চুল কেটে দিয়েছেন, এ বিষয়ে আমার জানা নেই।’
এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম হাওলাদার বলেন, কেউ চুরি করলেও এভাবে মারধর ও চুল কাটা যায় না। ওই দুই তরুণের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে।