বর্তমানে কর্মরত অধ্যাপকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবিতে বিক্ষোভ করেছেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) শিক্ষার্থীরা। পাশাপাশি এই পদে আওয়ামীপন্থী শিক্ষকদের নিয়োগ না দেওয়ারও দাবি জানান তাঁরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ক্যাম্পাসে এই কর্মসূচি পালিত হয়।
সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে জড়ো হন। এরপর তাঁরা দাবি আদায়ে স্লোগান দেন। বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, এই দুই দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন চলমান থাকবে।
বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের স্নাতকের শিক্ষার্থী মো. শাহরিয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ১৫ বছর ধরে আওয়ামীপন্থী শিক্ষকেরা নিয়োগ বাণিজ্য করে গেছেন। শুধু শিক্ষক নয়, কর্মকর্তা-কর্মচারী নিয়োগেও মেধার চেয়ে তাঁদের রাজনৈতিক পরিচয় বড় ভূমিকা রেখেছে। বিতর্কিত ছাত্রলীগের কর্মীরা কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগ পেয়েছেন। আর প্রশাসনের বড় বড় কর্তারা প্রকল্পের মাধ্যমে নিজেদের পকেট ভারী করেছেন। এ কারণে বিতর্কিত আওয়ামীপন্থী শিক্ষকদের আর প্রশাসনের গুরুত্বপূর্ণ কোনো পদে তাঁরা চান না।
মো. শাহরিয়ার হোসেন তালুকদার প্রথম আলোকে আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে নিরপেক্ষ ও যোগ্য অনেক শিক্ষক আছেন। তাঁরা প্রশাসনিক দায়িত্বে এলে বিশ্ববিদ্যালয়ের সুনাম বাড়বে। শিক্ষার্থীরাও লাভবান হবেন। এ কারণে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করছেন।
এর আগে ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে যোগ্য ও নিরপেক্ষ উপাচার্য নিয়োগ এবং অযোগ্য প্রার্থীদের বিষয়ে সতর্কতার আবেদন জানিয়ে স্মারকলিপি দিয়েছিলেন শিক্ষার্থীরা। চট্টগ্রামের বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর ওই স্মারকলিপি দেওয়া হয়।